
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উয়েফা নেশনস লিগের ফাইনালে, স্পেন-পর্তুগাল (Portugal vs Spain, UEFA Nations League 2025 Final) মুখোমুখি হওয়ার আগে বারবার লেখা হয়েছে যে, এই মহারণ ইউরোপের দুই ফুটবল খেলিয়ে দেশের খেতাবী লড়াই নয়। কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronald) এবং স্পেনের বিস্ময় প্রতিভা লামিন ইয়ামালেরও (Lamine Yamal) লড়াই। দুই প্রজন্মের দুই মুখের মহাযুদ্ধ! সিআর সেভেনের আর ফুটবলবিশ্বকে প্রমাণ করার কিছু নেই। ওদিকে ইউরোজয়ী লামিনের হাতে আগামীর প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার মশাল। তবে ফাইনালে লামিনকে মুছে দিয়ে হাজার ওয়াটের আলো জ্বেলেছেন পর্তুগালের অধিনায়ক। ফাইনালের শেষে অনেক আবার ইয়ামালের সমালোচনা করেছেন। কিন্তু রোনাল্ডো মোহিত বিস্ময় প্রতিভা ইয়ামালে।
খেলা শেষে সাংবাদিক বৈঠকে রোনাল্ডো কথা বলেছেন ইয়ামালকে নিয়ে। কিংবদন্তি বলেছেন, ‘দেখুন ইয়ামাল আগামী দিনে অনেক শিরোপা জিততে চলেছে। তা দলগত ভাবে এবং ব্যক্তিগত ভাবেও। ওর বয়স মাত্র ১৭ বছর। আমি আবারও বলছি, ও একটা বাচ্চা ছেলে। উন্নতির অনেক জায়গা রয়েছে, ও বিস্ময়কর। ওকে একা ছেড়ে দিন। সামনে অনেক লম্বা কেরিয়ার রয়েছে। অবশ্যই অনেকবার নেশনস লিগ জিতবে।’ অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই প্রসঙ্গে সিআর সেভেন বলেন, ‘ওদের কোচ এঅসাধারণ। আমার চেয়ে সে ভালো জানে। আমি কোচ নই। সে জানেন দলের কী প্রয়োজন। তিনি ইতিমধ্যেই স্পেনের হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন। আর কী আমার থেকে শুনতে চান, কোচ যদি ওকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাঁর মনে হয়েছিল যে, এটা দলের উন্নতির জন্য সবচেয়ে ভালো জিনিস, তিনি সেটাই করেছেন।’
ইউসেবিও-ফিগোর ফুটবল দেশ হিসেবে মানুষ বহু বছর চিনেছে পর্তুগালকে। সেই ১৯২১ সাল থেকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের এই রাষ্ট্র। তবে ‘আ সেলকাও’ প্রথম ‘সিলভারওয়ের’-এর স্বাদ পেয়েছে ২০১৬ সালে। ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপ জেতে পর্তুগাল। আর এই ট্রফির ঠিক তিন বছর পর উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল। ২০২৫ সালে স্পেনকে হারিয়ে ফের এই ট্রফি জিতল সবুজ-মেরুন বাহিনী। আর বিগত তিন বছরে পর্তুগালকে তিনটি জাতীয় খেতাব দেওয়া মানুষটির নাম ক্রিশ্চিয়ানো। কিংবদন্তির আর কোনও বিশেষণেরই প্রয়োজন নেই। যা বলা হবে, তাই তার সম্মানে কম পড়ে যাবে! গত রবিবার, মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় এক রুদ্ধশ্বাস ফাইনালে পর্তুগাল তাদের দ্বিতীয় নেশনস লিগ জেতে স্পেনকে হারিয়ে। রোনাল্ডোর টিম টাইব্রেকারে ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময় পর্যন্ত খেলা ২-২ থাকায় তা ফলের আশায় গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানে কোনও ফয়সলা না হওয়ায়, ফাইনালের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। আর সেখানে পর্তুগাল ৫-৩ গোলে স্পেনকে হারিয়েছে।
(Feed Source: zeenews.com)
