হল অফ ফেমে জায়গা পেলেন ধোনি, আনন্দে আত্মহারা রায়না, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন সুরেশ?

হল অফ ফেমে জায়গা পেলেন ধোনি, আনন্দে আত্মহারা রায়না, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন সুরেশ?

নয়াদিল্লি: তাঁদের দুইজনের বন্ধুত্বের বিষয়ে সকলেই জানেন। দুইজনে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এবার মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। তাতে বন্ধু তথা দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়নার (Suresh Raina) প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন অনেকেই। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের মতে ধোনি যোগ্য হিসাবেই এই হল অফ ফেমে জায়গা পেয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় রায়না লেখেন, ‘কিংবদন্তি হলে অন্তর্ভুক্ত হলেন। মহেন্দ্র সিংহ ধোনির দুরন্ত কেরিয়ার এবং ক্রিকেটের প্রতি তাঁর যা অবদান, তাতে যোগ্য হিসাবেই হল অফ ফেমে জায়গা পেলেন তিনি। দুরন্ত ফিনিশিং থেকে অধিনায়কত্বের মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া, ধোনি ভাই এই খেলায় নিজের ছাপ রাখতে সমর্থ্য হয়েছেন। ওঁর ঠান্ডা মাথা, দায়বদ্ধতা এবং পরিস্থিতি আঁচ করার ক্ষমতা, লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছে। প্রকৃত অর্থেই একজন আইকন ও এই খেলার একজন কিংবদন্তি ওঁ। পরবর্তী প্রজন্মকেও ওঁ আসন্ন দিনে উদ্বুদ্ধ করবেন।’

এই স্বীকৃতি পাওয়ার পর উচ্ছ্বসিত মাহি নিজেও। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘আইসিসির হল অফ ফেমে নাম ওঠা সম্মানের বিষয়। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দিচ্ছে। এই ধরনের সর্বকালীন মহানদের সঙ্গে একসঙ্গে স্মরণীয় হয়ে ওঠা চমৎকার অনুভূতি। এটা এমন একটা বিষয় যা আমি চিরকাল মনে রাখব।’

ধোনি ছাড়াও আইসিসির হল অফ ফেমে আরও ছয়জন জায়গা পেয়েছেন। এই তালিকায় রয়েছেন- দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা, অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি। এছাড়াও এই তালিকায় রয়েছেন দুই মহিলা ক্রিকেটার। তাঁরা হলেন- পাকিস্তানে সানা মীর ও ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ও ব্যাটার সারা টেলর। এই সাতজনের অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে আইসিসির হল অফ ফেমে জায়গা পাওয়া ক্রিকেটারদের সংখ্যা বেড়ে ১২২ হল।

(Feed Source: abplive.com)