
টলিপাড়ায় কান পাতলেই এখন ভাঙনের শব্দ। শুধু সদ্য বিবাহিত দম্পতিরাই নন, বহু বছর ধরে সম্পর্কে আবদ্ধ ছিলেন এমন সব তারকা জুটির সম্পর্কও নানা সময় ভেঙে যাওয়ার খবর শোনা যায়। আর অনেক ক্ষেত্রেই সেখানে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। কিন্তু এই সবের মধ্যেও টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় দিব্যি এত বছর ধরে একে অপরের হাত ধরে সংসার করে চলেছেন। একসঙ্গে জীবনের অনেক ওঠা পড়াও দেখেছেন তাঁরা। কিন্তু কখনও কি তাঁদের জীবনে তৃতীয় ব্যক্তি এসেছে?
TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘খুব সৎ ভাবে বলতে গেলে একটা জায়গায় থাকব আমরা বহু চেনা পরিচিত মুখ। সেক্ষেত্রে আমাদের কখনও কারুর প্রতি আকর্ষণ হবে না বা বন্ধুত্ব হবে না এরকম জীবনে কখনও আসবে না। কিন্তু কারুর ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, তবে আমি তা বিশ্বাস করি না। কারণ আমাদের ক্ষেত্রে হয়েছে, এবং তা আমরা খুব সুন্দর ভাবে, সৎ ভাবে তা আমাদের মতো করে মিটিয়ে নিয়েছি। সেই কারণেই এই ৩২ বছর একসঙ্গে।’
স্বামীর কথার রেশ ধরেই চূর্ণী বলেন, ‘আসলে তৃতীয় ব্যক্তি আসাটা এক ভাবে ভাবি আমরা। তারও কিন্তু নানা ধরন হয়। প্রেমেরও নানা ধরন হয়। আমার মনে হয় সেটা দেখতে পাওয়াটা খুব দরকার। যে কোন জায়গা থেকে একটি মানুষের আগমন ঘটছে? সেটা বুঝতে পারলে কিন্তু অনেক কিছু সুন্দর হয়ে যায়। আমরা একপেশে ভাবে ভাবি বলে ফাটল ধরে সম্পর্কে। নষ্ট হয়ে যায় সম্পর্কটা। মান অভিমান তৈরি হয়। কিন্তু যদি আমরা একে অপরে দিকটা বুঝতে পারি বা কেন এটা হচ্ছে তা যদি বুঝতে পারি, তাহলে অনেকটা সহজ হয়। তার গুরুত্ব ও শ্রদ্ধার জায়গাটা কোথায় তা যদি বুঝতে পারি তাহলে স্বাভাবিক ভাবেই সেই সম্পর্কটার প্রতিও শ্রদ্ধা আসে। সেটা দু’জন মিলে যত্নও করা যায়।’
(Feed Source: hindustantimes.com)
