Indian detained in Bangladesh: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রেমিকার বাড়িতে বহরমপুরের তরুণ, তোলপাড় এলাকা, ছুটে এল পুলিস

Indian detained in Bangladesh: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রেমিকার বাড়িতে বহরমপুরের তরুণ, তোলপাড় এলাকা, ছুটে এল পুলিস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের হাতীবান্ধায় গ্রেফতার বাংলার যুবক। অবৈধভাবে বাংলাদেশে ঢোকার কারণে আরিয়ান মির্জা নামে ওই যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিস। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা এলাকায়। ধৃত ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। বাবার নাম রাজেশ মির্জা।

কেন এভাবে সীমান্তপার? বাংলাদেশ পুলিসের দাবি আরিয়ানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় লালমনিরহাটের ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক তরুণীর। সেই পরিচয় থেকেই ঘনিষ্ঠতা, প্রেম। টানা ২ বছর চলে তাদের সম্পর্ক। শেষপর্যন্ত আরিয়ান ও ওই তরুণী ঠিক করেন বিয়ে করবেন। সেই প্রতিশ্রুতি পেয়েই লালমনিরহাটে চলে যায় আরিয়ান। তাদের দেখেই হইচই পড়ে যায় বাড়িতে। খবর চলে যায় পুলিসের কাছে।

খবর পেয়েই পুলিস চলে আসে ওই তরুণীর বাড়িতে। সেখান থেকে গত রবিবার রাত ১১টা নাগাদ আরিয়ানকে গ্রেফতার করে হাতীবান্ধা থানার পুলিস। আরিয়ান সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘টানা ২ বছর আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।’

অন্যদিকে, হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবি বলেন, ভারতের নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ভালোবেসে সীমান্ত পার করে বাংলাদেশ চলে যাওয়ার ঘটনার আরও উদাহারণ রয়েছে। বেআইনিভাবে বাংলাদেশে ঢোকার জন্য তাদের শাস্তিও হয়েছে। ২০২৪ সালে ৩ সেপ্টেম্বর বাংলাদেশের জেল থেকে ছাড়া পান প্রিয়াঙ্কা নস্কর নামে এক যুবতী। টানা ২ বছর তাকে জেলে থাকতে হয়। বাংলাদেশের নারায়ণগঞ্জের এক যুবকের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের ৩ অক্টোবর ভারত থেকে অবৈধভাবে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে দালালের সহযোগিতায় বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে বিজিবি আটক করে। দুই বছর কারাভোগ শেষে ৩ সেপ্টেম্বর দর্শনা সীমান্ত চেকপোস্টের বিজিবি-বিএসএফের ফ্ল্যাগ মিটিংয়ের পর পরিবারের হাতে তরুণীকে তুলে দেওয়া হয়। প্রিয়াঙ্কা নস্কর হাওড়া জেলার শ্যামপুর থানার গোপীনাথপুর গ্রামের মেয়ে।

(Feed Source: zeenews.com)