
কলকাতা: একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আসছে নতুন সিনেমা, ‘গৌরী’। প্রসেনজিৎ হালদারের পরিচালনায়, প্রীতিলতা বিশ্বাস, প্রদীপ দত্ত ও ললিতা বিশ্বাসের প্রযোজনায় আসছে নতুন এই সিনেমা। সাম্প্রতিক সময়ে ঘটে চলা কিছু সামাজিক ও পারিবারিক বিষয়তে তুলে ধরবে এই সিনেমা। একজন মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলাকে ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, পরাণ বন্দোপাধ্যায়, চন্দন সেন, আরিয়ান ভৌমিক, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সঞ্জীব সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, বিমল গিরি, বৃষ্টি বিশ্বাস, দেবপ্রতীম বিশ্বাস, শতাক্ষী নন্দী, স্বাতী মুখোপাধ্যায়, পূজা সরকার, দীপঙ্কর বিশ্বাস ও প্রদীপ দত্ত।
এই ছবির বিষয়বস্তু নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জানান, ছোটবেলা থেকেই তিনি যখন রাস্তায় অসুস্থ, দুঃস্থ বা মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে দেখতেন, তা তাঁকে ছুঁয়ে যেত। তিনি একদিন রাস্তায় দেখেছিলেন, একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে পা টেনে টেনে হাঁটতে। সেই দৃশ্য ছুঁয়ে গিয়েছিল পরিচালককে। সেই থেকেই চিত্রনাট্যে একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে তুলে ধরার কথা তাঁর মাথায় আসে। একজন মানসিক ভারসাম্যহীন মহিলা ও তাঁকে ঘিরে বিভিন্ন রহস্য ও বিভিন্ন চরিত্রদের নিয়েই তৈরি হয় নতুন গল্প ‘গৌরী’। ‘গৌরী ‘ গল্পটি নারী শক্তির কথা বলে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষের কথা বলে, মানুষ ও প্রকৃতির উপর বিধাতার নৈতিক শাসনের কথা বলে, মিথ্যার বুক চিরে সত্য বেরিয়ে আসার কথা বলে। মানুষের জীবনে নেতিবাচক সামাজিক ও রাজনৈতিক ঘটনার প্রভাবের কথা বলে। সমাজের সাধারণ মানুষের যে গল্পগুলি দেখার কথা, তেমনই একটি গল্প তুলে ধরা হবে। অগাস্ট মাসের শেষের দিকে প্রেক্ষাগৃহে এই ছবিটি আসার কথা।
এই ছবিতে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে। সাদা চুল আর লম্বা দাড়িতে একেবারে অচেনা পরাণ বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে একটু গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। চন্দন সেনকেও দেখা যাবে একেবারে অন্যরকম লুকে। পরিচালক জানিয়েছেন, এমন একটা গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রযোজনা সংস্থা ( এল. পি. ডি. প্রোডাকশন ) ও প্রযোজকবৃন্দ প্রীতিলতা বিশ্বাস, ললিতা বিশ্বাস ও প্রদীপ দত্তের কাছে কৃতজ্ঞ। এই ছবিতে গান গেয়েছেন, অনুপম রায়, লগ্নজিতা চক্রবর্ত্তী, মেখলা দাশগুপ্ত ও সৌরভ দে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম দেব। ছবির গানগুলি লিখেছেন, সোহম মজুমদার, সুপ্রতীম দে, সৌরভ দে।
(Feed Source: abplive.com)
