
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মদ্যপান করে বেহুঁশ। বেপোরয়া গতিতে পাঁচ ঘুমন্ত ফুটপাতবাসীর উপর গাড়ি দিয়ে পিষে দিল যুবক। পাঁচ আহতদের মধ্যে ছিল এক আট বছরের মেয়েও। ঘটনাটি ঘটে দিল্লিতে(Delhi Accident)।
৯ জুলাই দিল্লির বসন্ত বিহার(Vasant Vihar area) এলাকায় রাত ১.৪৫-এ ঘটনাটি ঘটে। ধৃত চালকের নাম উৎসব শেখর (৪০)। উত্সব দ্বারকার বাসিন্দা এবং পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী। জানা গিয়েছে, ওই রাতে ধৃত নয়ডা থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন।
পুলিস সূত্রে খবর, মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে চালক উৎসব শেখর মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ইতোমধ্যেই চালককে গ্রেফতার করেছে পুলিস। আরও জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহতদের পুলিস আসার আগেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন লাধি (৪০), তাঁর মেয়ে বিমলা (৮), স্বামী সাবামি ওরফে চিরমা (৪৫), রাম চন্দ্র (৪৫) ও তাঁর স্ত্রী নারায়ণী (৩৫)। তারা সবাই রাজস্থানের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাদা রঙের অডি গাড়িটি রাস্তার ধারে উঠে যায় এবং শিব ক্যাম্প এলাকায় রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষদের ওপর দিয়ে চলে যায়। এরপর কিছু দূর গিয়ে গাড়িটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ইতোমধ্যেই ঘটনার মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে, দাবি পুলিসের।
এর আগে, মে মাসে পশ্চিম দিল্লিতে একটি বেপরোয়া সুইফট গাড়ির ধাক্কায় দু’জন মারা যান ও তিনজন আহত হন। সেই গাড়িটি ১৯ বছরের এক কিশোর চালাচ্ছিল, যা প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং পরে একটি ঝুপড়িতে গিয়ে ধাক্কা খায়। এছাড়া, এপ্রিল মাসে পালঘঞ্জ এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোর প্রতিবেশীর গাড়ির ধাক্কায় ২ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়। এটি ছিল আরও একটি বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা।
(Feed Source: zeenews.com)
