
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরোপে বাড়ছে ইসলামোফোবিয়া। তার জেরেই প্রাণ গেল ২৬ বছরের এক আলজেরিয় নার্সিং পড়ুয়া তরুণীর। হিজাব পরে চলাফেরা করতেন ওই তরুণী। এনিয়ে আপত্তি করেছিলেন তার এক প্রতিবেশী। সেই কথা শোনেননি রাহমা আয়াত নামে ওই তরুণী। শেষপর্যন্ত তার ওই প্রতিবেশী তাকে কুপিয়ে খুন করেন।
আলজেরিয়ার ওরান থেকে জার্মানির হ্যানোভারে নার্সিং পড়তে এসেছিলেন আয়াত। গত ৪ জুলাই তার প্রতিবেশীরা তার অ্যাপার্টমেন্ট থেকে চিত্কার শুনতে পান। তারা সঙ্গেসঙ্গেই পুলিসে খবর দেন। পুলিস এসে আয়াতের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।
রাহমার মা জানিয়েছেন, সম্প্রতি রাহমা জানিয়েছিল তার এক প্রতিবেশী তাকে ক্রমাগত কটূক্তি করে। ওই ব্য়ক্তি তাকে তার মুসলিম পরিচয় ও হিজাব নিয়ে গালিগালাজ করত। ওই হুমকি নিয়ে কাঁটা হয়ে থাকত রাহমা।
ঘটনার দিন ওই প্রতিবেশী জোর করে রাহামার ফ্ল্যাটে ঢুকে পড়ে। তার পর একের পর এক ছুরির কোপ দিতে থাকে। এরপর সিঁড়ি বেয়ে পালিয়ে যায়।
জার্মানিতে আলজেরিয় দূতাবাস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, ওই হামলার ঘটনার পর ৩১ বছরের এক জার্মান তরুণকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কী কারণে ওই তরুণ রাহমাকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। ফলে তার বিরুদ্ধে এখনও কোনও চার্জ গঠন করা যায়নি। দূতাবাসের পক্ষে থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তরুণীর দেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্তিয়া শুরু হয়েছে।
ওই ঘটনার পর হ্যানোভার ও জার্মানির অন্যান্য শহর থেকে আওয়াজ উঠেছে যে ওই ঘটনাকে হেট ক্রাইম হিসেবে বিবেচনা করা হোক। এনিয়ে সরকারের মৌনতারও সমালোচনা করা হচ্ছে।
(Feed Source: zeenews.com)
