ভারতীয় পুরুষরা না বোঝেন না? সিঙ্গাপুর বেড়াতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, হয়রানির বর্ণনা দিলেন

ভারতীয় পুরুষরা না বোঝেন না? সিঙ্গাপুর বেড়াতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, হয়রানির বর্ণনা দিলেন

নয়াদিল্লি: সিঙ্গাপুর বেড়াতে গিয়ে চরম হয়রানি শিকার। স্থানীয় কেউ নন, বরং ভারতীয় পুরুষদের জ্বালাতনে একদণ্ড শান্তি পাননি বলে দাবি করলেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ওই মহিলা। জানিয়েছেন, না বলার পরও শুনতে চান না ভারতীয় পুরুষরা। কতটা এগনো যায়, কোন সীমা অতিক্রম করতে নেই, তা বোঝেন না। (Singapore Tourist Harassment)

Reddit-এ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ওই তরুণী। জানিয়েছেন, চার বান্ধবী মিলে সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিলেন। একটি বৌদ্ধ মন্দিরে গিয়েছিলেন তাঁরা। মধ্য ২০-র এক ভারতীয় যুবক সেখান থেকে তাঁদের পিছু নিতে শুরু করে। ওই যুবক জানায়, সে প্রায়শই সিঙ্গাপুরে আসে।  সেখানে একাকী বোধ করে। তাঁদের সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করে। (Viral News)

ওই তরুণী ও তাঁর বান্ধবীরা, ওই যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর পর রেস্তরাঁয় খেতে গেলে সেখানেও একজনের খাবারের দাম মেটানোর প্রস্তাব দেয় ওই যুবক। তাঁরা প্রস্তাবে রাজি না হলেও, পিছু ছাড়েনি ওই যুবক। বরং কাছের একটি দোকান থেকেও ওই তরুণী এবং তাঁর বান্ধবীদের উপর নজরদারি চালান। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি ওই এলাকা ছাড়তে বাধ্য হন তাঁরা।

ওই তরুণী জানিয়েছেন, সেখানেই হয়রানি থামেনি তাঁদের। পর দিন সিঙ্গাপুরের একটি ক্লাবে গিয়েছিলেন তাঁরা। সেখানে দুই ভারতীয় যুবক তাঁদের বিরক্ত করতে শুরু করে। তাঁরা নিজেদের মতো করে পানীয় হাতে যখন টোস্ট করছিলেন, তার মধ্যে ঢুকে পড়ে তারা। চলে যেতে বলা হলেও, কথা শুনতে চাইছিল না। এর পর ডান্স ফ্লোরেও ওই দুই ভারতীয় যুবক ওই তরুণীদের পিছু নেয় বলে অভিযোগ। কোনও রকমে DJ-র কাছে পৌঁছে নিজেদের আড়াল করেন তরুণীরা।

এই অভিজ্ঞতা জানাতে গিয়ে ওই তরুণী লেখেন, ‘যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি ভাবিয়েছে, তা হল, স্থানীয়রা কিন্তু কেউ বিরক্ত করছিলেন না আমাদের। স্থানীয়দের কাছে নিরাপত্তাহীন বলে মনে হচ্ছিল না নিজেদের। কিন্তু ওই ভারতীয়দের সান্নিধ্যে তেমন অনুভূতি হচ্ছিল। সিঙ্গাপুর আইনশৃঙ্খলা, সম্মান প্রদানের জন্যই পরিচিত। কিন্তু সেখানেও ওদের মনে হল, এমনটা করা যায়, জোর করে ঝুলে পড়া যায়। পরিস্থিতি বুঝতে শিখুন। না মানে না। চিৎকার না করলেও, না-টা না-ই থাকে’। তরুণীর পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই এব্যাপারে একমাত পোষণ করছেন।

(Feed Source: abplive.com)