
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৮ সালে অনুষ্ঠিত হতে চলেছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (LA Olympics 2028)। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশে ১৪-৩০ জুলাই চলবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ (Greatest Show On Earth)। খাতায়-কলমে মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টে শুরু হতে এখনও বছর তিনেক বাকি। তবে উত্তেজনার আঁচ কিন্তু একটু একটু করে বেড়েই চলেছে।
এবার অলিম্পিক্সে থাকবে মোট ৩১টি খেলা এবং ৩৫১টি পদক ইভেন্ট। ফ্ল্যাগ ফুটবল, বেসবল/সফটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশের মতো যেমন নতুন খেলা যুক্ত হচ্ছে। তেমনই ফিরছে ক্রিকেট। বিশ্ব জুড়ে ব্যাপক আবেদন এবং যুব সম্পৃক্ততার কারণেই এই ৫ স্পোর্টস নির্বাচিত হয়েছে। গত এপ্রিলেই এই খবর নিশ্চিত করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওরফে আইওসি।
এবার অলিম্পিক্সে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ক্রিকেট। কারণ ১০০ বছরেরও বেশি সময় পরে ক্রিকেটের প্রত্যাবর্তন অলিম্পিক্সে। শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ১৯০০ সালে। দু’দিনের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। এই দুই দলই সেবার অংশ নিয়েছিল। অলিম্পিক্সে ক্রিকেটের ইতিহাস ঠিক এতটাই সংক্ষিপ্ত।
১২৮ বছর অলিম্পিক্সে ফিরল ক্রিকেট। ২০২৮ অলিম্পিক্সে পুরুষ ও মহিলা বিভাগ থেকে ছ’টি করে দল অংশ নেবে। হবে ১৫ জনের স্কোয়াড। মোট ১৮০ জন (৯০+৯০) ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাটে দেশকে সোনা জেতানোর লড়াইয়ে নামবে। অলিম্পিক্স কমিটি জানিয়েছে যে সূচিতে বেশির ভাগই ডাবল হেডার (এক দিনে দুই ম্যাচ) রাখা হয়েছে। মেয়েদের পদকের ম্যাচ রাখা হয়েছে ২০ জুলাই। ছেলেদের পদকের ম্যাচ রাখা হয়েছে তার ন’দিন পর, অর্থাত্ ২৯ জুলাই।
১৪ জুলাই থেকে অলিম্পিক্স শুরু, কিন্তু ক্রিকেট শুরু হয়ে যাবে ১২ জুলাই থেকে। চলবে ২৯ জুলাই পর্যন্ত। ক্রিকেটের সঙ্গে আরও বেশ কিছু ইভেন্ট অলিম্পিক্স শুরুর দু’দিন আগে শুরু হয়ে যাবে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমেনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
(Feed Source: zeenews.com)
