ভারতের প্রতি কড়া ট্রাম্প, শুল্ক-পেনাল্টির ঘোষণা, প্রতিক্রিয়া জানাল মোদি সরকার

ভারতের প্রতি কড়া ট্রাম্প, শুল্ক-পেনাল্টির ঘোষণা, প্রতিক্রিয়া জানাল মোদি সরকার

নয়াদিল্লি: দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা এখনও জারি রয়েছে। সেই আবহেই হঠাৎ ভারতের উপর ‘শুল্কবোমা’ ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ অগাস্ট থেকে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপবে বলে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, পেনাল্টিও দিতে হবে বলে জানিয়েছেন। সেই নিয়ে শোরগোলের মধ্যেই প্রতিক্রিয়া জানাল ভারত। নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে, দেশের স্বার্থরক্ষার সবরকম চেষ্টা চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। (US-India Trade)

বুধবার সোশ্যাল মিডিয়ায় ভারতের উপর ২৫ শতাংশ হারে শুল্ক এবং পেনাল্টির ঘোষণা করেন ট্রাম্প। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক লিখিত বিবৃতি প্রকাশ করেছে। বলা হয়েছে, ‘আমেরিকার প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে যে বয়ান দিয়েছেন, তা দেখেছে ভারত সরকার। এর প্রভাব কী হতে পারে, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে’। (Donald Trump Tariff Announcement for India)

কেন্দ্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পরস্পরের স্বার্থকে মাথায় রেখে গত কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছনোর চেষ্টা করছে ভারত সরকার ও আমেরিকা। সেই লক্ষ্যে পৌঁছতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। আমাদের কৃষক, ব্যবসায়ী, ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের কল্যাণ, তাঁদের স্বার্থরক্ষা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থরক্ষার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে সরকার, ব্রিটেনের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যচুক্তির ক্ষেত্রে যার বাস্তবায়ন হয়’।

আমেরিকার মসনদে দ্বিতীয়বার ফেরার পর থেকেই বাণিজ্যশুল্ক নিয়ে তৎপর হয়ে উঠেছেন ট্রাম্প। আমেরিকা নিজের বাজারে বিভিন্ন দেশকে ছাড় দিলেও, সেই সব দেশ আমেরিকার পণ্যের উপর চড়া শুল্ক চাপিয়েছে বলে দাবি করেন তিনি। তাই শুল্কের পাল্টা চড়া শুল্ক চাপানোর ঘোষণা করেন। ভারত এবং চিনের মতো দেশের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন ট্রাম্প। এমনকি ভারতই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আদায় করে বলে অভিযোগ করেন।

সেই নিয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া চলাকালীনই বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক ও পেনাল্টি চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণায় দেশের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। ১ অগাস্ট থেকে নিয়ম কার্যকর হলে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, দেশের অর্থনীতি ধাক্কা খাবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে মোদিকে আক্রমণ করছেন বিরোধীরা। যেভাবে ট্রাম্পের হয়ে প্রচারে গিয়েছিলেন আমেরিকায়, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ট্রাম্পের অপমানসূচক মন্তব্যও যেভাবে সয়ে চলেছেন, ট্রাম্প তারই এমন প্রতিদান দিলেন কীভাবে প্রশ্ন তুলছেন বিরোধীরা। আর তাতেই বিবৃতি দিয়ে মোদি সরকার জানাল, দেশের স্বার্থরক্ষা করতে চেষ্টায় খামতি রাখবে না তারা।

(Feed Source: abplive.com)