
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেসিডেন্টকে ধরে এনে দিলেই ট্রাম্প দেবেন কড়কড়ে ৪০০ কোটি পুরস্কার! তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাঁকে গ্রেফতারের জন্য আমেরিকা দ্বিগুণ পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের জন্য ৫০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪,৩৭,৪৪,৬৮,৫০০.০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। মানে ৪০০ কোটি টাকারও বেশি।
কেন মাদুরোকে গ্রেফতার করতে চান ট্রাম্প?
ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিশ্বের অন্যতম মাদক চোরাচালানকারী। তাঁর বিরুদ্ধে মাদক মাফিয়াদের সঙ্গে যোগসাজশ করে আমেরিকায় ফেন্টানাইল মিশ্র কোকেন পাঠানোর অভিযোগ। যা মানুষের জীবন ধ্বংস করছে। ট্রাম্পের প্রথম মেয়াদেই ২০২০ সালে নিউ ইয়র্কের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, মাদক-সন্ত্রাসের গুরুতর অভিযোগ আনা হয়েছিল। সেই সময় ১৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল। পরে বাইডেন সরকার তা বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করে। এখন ট্রাম্প তা আবার দ্বিগুণ করে দিলেন। ৯/১১ হামলার মূলচক্রী ওসামা বিন লাদেনের জন্যও এই একই পরিমাণ পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।
আমেরিকার মাদুরোর প্রতি বিদ্বেষ
আমেরিকার অভিযোগ, মাদুরো মাদক মাফিয়াদের সঙ্গে যোগসাজশে বিপুল পরিমাণ কোকেন আমেরিকায় পাচার করছে। মার্কিন ড্রাগ এজেন্সি মাদুরোর ৭ মিলিয়ন টন কোকেন জব্দ করেছে। যে কোকেন ফেন্টানাইল নামক একটি বিপজ্জনক ওষুধের সঙ্গে মিশিয়ে পাচার করা হয়েছে। সেই ওষুধ আমেরিকায় মাদকাসক্তি বৃদ্ধি করেছে।
মাদুরোর ক্ষমতা এবং বিতর্ক
২০২৪ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরো পুনরায় নির্বাচিত হন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অনেক ল্যাটিন আমেরিকার দেশ সেই নির্বাচনকে ভুয়ো বলে অভিহিত করেন। তারা আসলে মাদুরোর প্রতিপক্ষকেই সত্যিকারের রাষ্ট্রপতি বলে মনে করেন। কিন্তু তবুও মাদুরো-ই ক্ষমতায় রয়েছেন।
(Feed Source: zeenews.com)
