
নয়াদিল্লি: ভারতীয় পুরুষ ফুটবলের ক্লাব মরশুম নিয়ে টালবাহানা অব্যাহত। আইএসএলের ভবিষ্যৎ নিয়ে টালমাটাল পরিস্থিতি। তবে এই সবের মাঝেই ভারতীয় মহিলা ফুটবলের সাফল্যের ধারা অব্যাহত। দুই দশক পর অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে (AFC U20 Women’s Asian Cup) খেলার ছাড়পত্র জোগাড় করে নিল ভারতীয় মহিলা দল (Indian Women’s Football Team)। তাও আবার যে সে ভাবে নয়। মায়ানমারকে পরাজিত করে গ্রুপ ‘ডি’-র চ্যাম্পিয়ন হিসাবেই মহাদেশের সেরা হওয়ার প্রতিযোগিতার মূলপর্বে জায়গা পেলেন ভারতীয় মহিলারা।
২০০৬ সালে শেষবার ভারতীয় অনূর্ধ্ব ২০ মহিলা দল এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে এবারে যেন পুরনো হতাশা মুছে ফেলতে বদ্ধপরিকর ছিলেন ভারতের মেয়েরা। টুর্নামেন্টের শুরুটা ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে করেন তাঁরা। তারপর তুর্কুমেনিস্তানকে সাত গোলের মালা পরান তাঁরা। এরপর আয়োজক মায়ানমারকে হারিয়ে ১-০ গোলে হারিয়ে দুরন্ত এক টুর্নামেন্ট শেষ করেন তাঁরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই গোটা টুর্নামেন্টে ভারতীয় দলের মেয়েরা একটিও গোল হজম করেননি।
INDIA. HAVE. QUALIFIED. 🇮🇳🫡#MYAIND #YoungTigresses #U20WAC #IndianFootball ⚽️ pic.twitter.com/8HtAMtQHnF
— Indian Football Team (@IndianFootball) August 10, 2025
এদিন ভারতীয় দলের ম্যাচের একমাত্র গোলটি করেন পূজা। ম্যাচের ২৭তম মিনিটে গোলটি আসে। অবশ্য ম্যাচের তিন মিনিটের মাথাতেই নেহা ও শিবানী দেবীর যুগলবন্দিতে ভারতীয় দল মায়ানমারের জালে বল জড়িয়ে দিতে পারত। তবে তেমনটা হয়নি। আয়োজক দেশ বেশ কয়েকটি প্রতিআক্রমণ গড়ে তুললেও, ভারতীয় দল ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায়।
তবে মায়ানমারই কিন্তু দ্বিতীয়ার্ধে এগিয়ে ছিল। বারংবার গোলের সুযোগ তৈরি করে। ঘরের মাঠে নিজের সমর্থকদের সমর্থনও তাঁদের উদ্বুদ্ধ করে। ৪৮ মিনিটে ভারতীয় গোলরক্ষক মোনালিসা দেবী দারুণ একটি সেভ করেন। ম্যাচের দশ মিনিট বাকি থাকতে তাঁকে আরও একটি ভাল সেভ করতে হয়। বল গোল লাইন বরাবর এগিয়ে যায় তবে তিনি দারুণভাবে ঝাঁপিয়ে সেই বল আটকে ভারতের লিড অব্যাহত রাখেন। শেষমেশ দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করে জয় ছিনিয়ে নেয় ভারত।
দুই জয় এবং এক ড্রয়ের সুবাদে ভারতীয় দল শীর্ষস্থান দখল করেই পরবর্তী রাউন্ডে পৌঁছল। পরের বছর তাইল্যান্ডে এএফসি এশিয়ান কাপের মূলপর্বের আসর বসবে। ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশন। অনূর্ধ্ব ২০ মহিলা দলের জন্য প্রায় ২২ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের কথা ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছে।
(Feed Source: abplive.com)
