
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে শোকের ছায়া। প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৮ অগাস্ট, সোমবার তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্বাস্থ্যজনিত জটিলতার কারণে কারণে অভিনেতা থানের জুপিটার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। ১৯ অগাস্ট থানেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
চার দশকের বেশি সময়ের অভিনয় জীবনে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তাঁর কেরিয়ারে বাণিজ্যিক সাফল্য ও সমালোচকদের প্রশংসা—দুইয়েরই দৃষ্টান্ত রয়েছে। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে: আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুস্সা কিউঁ আতা হ্যায়, অর্ধ সত্য, তেজাব, পরিন্দা, রাজু বান গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গীলা, বাস্তব, হাম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।
এই সবের পাশাপাশি আমির খানের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’এ শিক্ষকের ভূমিকা নজর কেড়েছিল। ছবিতে তাঁর বিখ্যাত ডায়লগ ‘ক্যাহনা কেয়া চাহতে হো’।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও তিনি ছাপ ফেলে গিয়েছেন। টেলিভিশনে তাঁর ক্যারিয়ারও ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন, যেমন: ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধানমন্ত্রী (জি টিভি), আগলে জনম মোহে বেটিয়া হি কিজো (জি টিভি), আহট সিজন ১ (১৯৯৫–২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া, এবং মাঝা হোশিল না (জি মারাঠি)।
(Feed Source: zeenews.com)
