
কলকাতা: সান বাংলায় (Sun Bangla) আসছে নতুন ধারাবাহিক ‘রূপমতী’। মুখ্যচরিত্রে অভিনয় করছেন জয়িতা সান্যাল। চিরাচরিত ধারাবাহিকের থেকে, সাংসারিক গল্প বা প্রেমের থেকে এই ধারাবাহিকের গল্প কিছুটা আলাদা। যে রূপকথার গল্পগুলোকে আমরা ফেলে এসেছি ছোটবেলায়, সেই ছোটবেলার গল্পই শোনাবে এই ধারাবাহিক। রাজা, রানী, দৈত্য, দানব, রাক্ষস… এই সবকিছু নিয়েই রূপকথার এই মিষ্টি গল্প আসতে চলেছে টিভির পর্দায়। একেবারে ৮ থেকে আশির দেখার মতো এই ধারাবাহিক শুরু হচ্ছে আগামী মাসেই।
রূপনগরে রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। রাজকন্যা রূপমতী,জন্ম যার রাজকন্যা হিসাবে,নির্বাসিত হয় তপবনে। নিজেকে গড়ে তোলে এক যোদ্ধা হিসাবে।মুখোমুখি হয় রাক্ষস রাণী জটিলার। রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর রাক্ষসী জটিলার প্রতিহিংসা সবই আজ রূপমতীর সামনে। এই লড়াই শুধু সিংহাসনের নয়,ন্যায় ও সত্যের লড়াই। এই লড়াইতে রূপমতী পাশে পায় রাজকুমার দেবদত্ত আর পরী রাজ্যের ছোট্ট বন্ধু তরতরিকে। এই গল্প শুধু রূপকথার নয়, এক রাজকন্যার জীবনযুদ্ধ, প্রেম আর আত্মজয়ের উপাখ্যানই শোনাবে এই ধারাবাহিক।
এই ধারাবাহিক নিয়ে জয়িতা বলছেন, ‘রূপমতী এক রাজ্যের রাজকন্যা। খুব নরম স্বভাবের শান্ত প্রকৃতির একটা মেয়ে। খুব হাসিখুশি। কিন্তু এটা ছাড়াও তার আরও বেশি কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেটা সে গল্প কিছুটা এগোলে উপলদ্ধি করবে। রূপমতীর জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে, পরিবারের থেকে বিশ্বাসঘাতকতা পায়.. এর ফলে সে তাঁর চরিত্রের অন্যান্য দিকগুলি আবিস্কার করে। সে জানেও না যে এত নরম মনোভাবের পিছনে লুকিয়ে রয়েছে একজন যোদ্ধা। রূপমতীর মধ্য়ে অনেক যাদুশক্তি রয়েছে, যেটা সে নিজেও প্রথমে জানবে না। রূপমতী শুধু একটা রূপকথা নয়, একজন মেয়ের উত্তরণের গল্প। একজন নরম মেয়ের থেকে যোদ্ধা হয়ে ওঠার গল্প।’
জয়িতা আরও বলেন, ‘আমি নিজের সঙ্গে রূপমতীর চরিত্রের অনেক মিল পেয়েছি। তবে শুধু আমি নয়, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই নিজের সঙ্গে রূপমতীর অনেক মিল পাবে। প্রত্যেক মেয়েরই যেমন একটা শান্ত সত্ত্বা থাকে, তেমনই প্রত্যেকের মধ্যে একজন যোদ্ধা লুকিয়ে থাকে। একটা চরিত্রের মধ্যেই দুটো সত্ত্বা রয়েছে, এটা আমায় প্রথমেই খুব আকৃষ্ট করেছিল। বলতে পারেন, রূপমতী দশভূজা। সে প্রজাদের সাহায্য করে, পরিবারকে ভালবাসে, অন্যায়কে প্রশ্রয় দেয় না। রূপমতীর মধ্যে সবকিছু রয়েছে। আমি সান বাংলা আর আমার প্রযোজনা সংস্থা ফোর ডাইমেনশনকে ধন্যবাদ জানাতে চাই আমায় রূপমতী চরিত্রে ভাবার জন্য। প্রধান চরিত্র হিসেবে এটা আমার প্রথম কাজ। আমি ভীষণভাবে অপেক্ষা করে আছি এই কাজটা করার জন্য। আশা করব দর্শকেরা আমায় ভালবাসবেন।’
(Feed Source: abplive.com)
