
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তান (India vs Pakistan), দুই পড়শি দেশের মধ্যেকার রাজনৈতিক সম্পর্ক বেশ খারাপ। তবে পহেলগাঁও জঙ্গি হানার পর সেই সম্পর্ক একেবারে তলানিতে ঢেকেছে। দুই দেশের মধ্যে সমস্ত আদানপ্রদান বন্ধ করা হয়েছে। তবে এর মাঝেও কিন্তু আগামী মাসে ভারত ও পাকিস্তানের পুরুষ দল এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তান এক, দুই নয়, সর্বাধিক তিনবার একে অপরের মুখোমুখি হতে পারে।
কিন্তু বর্তমানে দুই দেশের সম্পর্ক যখন এতটাই খারাপ এবং সব আদান প্রদান বন্ধ, সেখানে এশিয়া কাপে ২২ গজে দুই দেশের মধ্যে ম্যাচ খেলার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এতদিন পর্যন্ত বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি। তবে এবার এই ম্যাচ নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া (Devjit Saikia)।
গতকালই ভারত সরকারের তরফে এই ম্যাচ খেলার জন্য বিসিসিআইকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের তরফে বৃহস্পতিবার ২১ অগাস্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত-পাকিস্তানের বিরুদ্ধে কোনওদিনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। তবে এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলবে শুধু।
এই নির্দেশের পরেই ভারতের এশিয়া কাপে খেলা নিয়ে সমালোচনা করা ব্যক্তিত্বদের কার্যত এক হাত নিয়েছেন সাইকিয়া। তিনি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রক তো আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের জন্য একটি নীতি ঘোষণা করেছে। আমরা সেটিকে স্বাগত জানাচ্ছি। ভারতের এশিয়া কাপে অংশগ্রহণের বিপক্ষে যে ক্যাম্পেনগুলি হচ্ছিল, সেইসব এবার শান্ত হয়ে যাওয়া উচিত কেন্দ্রীয় সরকার খেলোয়াড়, দল এবং ভবিষ্যতে আমরা যেসব টুর্নামেন্টগুলি আয়োজন করব, সেইদিকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরাও কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে একেবারে সহমত এবং আমরা ১০০ শতাংশ সেই নীতিগুলি মেনে চলব।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সরকারের এই নীতির থেকে এ ইঞ্চিও এদিক, ওদিক যাব না। সরকারের লাগু করা সব নিয়মাবলী মেনে চলব, তা সে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ হোক বা স্পনসরশিপ কেন্দ্রিক সিদ্ধান্তই হোক। আমরা মন প্রাণ দিয়ে সবটা অনুসরণ করব।’ ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বের ম্য়াচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচ নিয়ে আপাতত আর কোনও সংশয় রইল না।
(Feed Source: abplive.com)
