Mohun Bagan News: লাল-হলুদের মুখের গ্রাস ছিনিয়ে নিল সবুজ-মেরুন! শনিতেই মাঠে চ্যাম্পিয়ন্স লিগ খেলা স্টার…

Mohun Bagan News: লাল-হলুদের মুখের গ্রাস ছিনিয়ে নিল সবুজ-মেরুন! শনিতেই মাঠে চ্যাম্পিয়ন্স লিগ খেলা স্টার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেলা শিখতে পঞ্জাবের খেমকরন গ্রাম থেকে ১৬৫ কিলোমিটার ট্রাভেল করে যেতেন মহিলপুর ফুটবল অ্যাকাডেমিতে। ২০১৬-১৭ সালে ইস্টবেঙ্গল (East Bengal) যুব দলের হয়ে খেলে চিনে গিয়েছিলেন কলকাতা ময়দান। পরবর্তীতে লাল-হলুদের সিনিয়র টিমে প্রমোট হয়ে খেলেছেন চার বছর। আজ তিনি দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। ২৭ বছরে ৬ ফুট উচ্চতার রক্ষণের প্রাচীর মেহতাব সিং (Mehtab Singh) নামেই পরিচিত।

ট্রান্সফার মার্কেটে মেহতাবকে মুম্বই সিটি থেকে (Mumbai City) ঘরে ফেরাতে ইস্টবেঙ্গলও ঝাঁপিয়েছিল। ‘মোহনবাগান যাকে চায়, তাকেই পায়’-অরণ্যের এই প্রাচীন প্রবাদকে ফের একবার সত্যি প্রমাণ করে শেষ মুহূর্তে চমকে দিল মেরনার্স (Mariners)। ৫ বছরের চুক্তিতে আরবসাগর থেকে গঙ্গাপারে চলে এলেন মেহতাব। প্রেসবিবৃতি দিয়ে জানিয়ে দিল আইএসএল শিল্ড-লিগজয়ী ক্লাব।

মোহনবাগানে যোগ দিয়ে মেহতাব বললেন

‘মোহনবাগানে খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারেরই থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন সফল হল। মোহনবাগান সুপার জায়ান্ট অত্যন্ত শক্তিশালী দল। দলে ভালো মানের বিদেশি ও জাতীয় দলের বেশিরভাগ সেরা ফুটবলাররা খেলে। কোচও অত্যন্ত সম্মানীয়, অভিজ্ঞ এবং সফল। ভারতীয় ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টের সুনাম ও সাফল্য প্রশ্নাতীত। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার টিমে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে এসেছি। ক্লাবের টিম ম্যানেজমেন্টও খুব ভাল। তাঁরা স্বপ্ন দেখতে জানে।’

মুম্বইয়ের অভিজ্ঞতাই মোহনবাগানে কাজে লাগাবেন মেহতাব

‘মুম্বই এফসি-র হয়ে আমি আইএসএল-এ লিগ-শিল্ড দু’বার করে জিতেছি। চ্যাম্পিয়ন্স লিগে খেলেছি। সেই অভিজ্ঞতা এবার প্রথম দিন থেকেই কাজে লাগাতে চাই। কারণ আমাদের ১৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। মুম্বইয়ের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা টিমের সবার সঙ্গে শেয়ার করতে চাই। চেষ্টা করব টিমের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে। কলকাতায় খেলার উত্তেজনাই আলাদা। আর মোহনবাগানের সভ্য সমর্থক তো দেশের সেরা। তাঁদের প্যাশন এবং আবেগ সম্পর্কে আমার সবকিছুই জানা। ডার্বি খেলার মজাও আলাদা। সবুজ-মেরুন জার্সিতে ডার্বি জিততে চাই। স্বপ্ন ও লক্ষ্য ছাড়া কোনও ফুটবলার সফল হতে পারে না। আমিও স্বপ্ন দেখছি আমার ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এবার জমা হবে। সবার আগে আমার লক্ষ্য থাকবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ জেতা।’

মোহনবাগানের রক্ষণ 

শুভাশিস বসু, আলবার্টো রডরিগেজ, দীপেন্দু বিশ্বাস, অভিষেক টেকচাম সিং, আশিস রাইয়ের মতো দেশ-বিদেশের ফুটবলারদের নিয়েই মোহনবাগানের রক্ষণ। আর এবার ডিফেন্সে ব্রিগেডে মোলিনার শক্তি বাড়াতে এলেন মেহতাব। সেন্টার-ব্যাক এবং রাইট-ব্যাক, দুই পজিশনেই সাবলীল মেহতাব। সই সাবুদের পর  শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ মেহতাব, শনিবার বিকালেই অনুশীলনে নেমে পড়বেন। মোহনবাগান নেটপাড়াতেও মেহতাবের আগমনী বার্তার প্রচার শুরু করে দিয়েছে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু

গত সপ্তাহে  এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ড্র হয়ে গিয়েছিল মালয়েশিয়ার কুয়ালা লামপুরে। মোহনবাগান ছাড়াও এবার খেলছে ভারতের এফসি গোয়া । ভারতের এই দুই দলই পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের ড্রয়ে ছিল। গ্রুপ সি-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এফসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসি। আগামী ১৬ সেপ্টেম্বর যুবভারতীতে এসিএল টুয়ের প্রথম ম্যাচ মোহনবাগান। তাদের প্রতিপক্ষ আহাল এফসি। বাগানের হোম ম্যাচের পরই এশীয় স্তরে পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। ৩০ সেপ্টেম্বর সেপাহানের সঙ্গে খেলার পর ২১ অক্টোবর আল হুসেইনের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। তার আগে মোহনবাগান শক্তি বাড়িয়ে নিল।

(Feed Source: zeenews.com)