
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় খবর! বন্ধ হচ্ছে ক্যাশলেস ট্রিটমেন্ট (Cashless treatment)! বাইপাস থেকে কেমোথেরাপিতে, এবার গুনতে হবে গাঁটের কড়ি। লাখ লাখ টাকা খসবে আপনারই পকেট থেকে। কারণ ১ সেপ্টেম্বর থেকে, ম্যাক্স হেলথকেয়ার এবং মেদান্তের মতো শীর্ষস্থানীয় চিকিৎসা পরিষেবা প্রদানকারী হাসপাতাল চেইন ১৫,০০০ এরও বেশি হাসপাতালে নগদহীন চিকিৎসা সুবিধা প্রদান বন্ধ করে দেবে।
যারফলে উত্তর ভারত জুড়ে লাখ লাখ বাজাজ অ্যালিয়ান্স স্বাস্থ্যবিমা পলিসিধারীরা (Health Insurance) বড় ধাক্কার সম্মুখীন হবেন। হাসপাতাল ও বীমা সংস্থার মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই এই পরিস্থিতি। অ্যাসোসিয়েশন অফ হেলথকেয়ার প্রোভাইডারস অফ ইন্ডিয়া (AHPI) জানিয়েছে, ভারতে চিকিৎসা খরচ প্রতি বছর ৭-৮% হারে বৃদ্ধি পেলেও, বাজাজ অ্যালিয়ান্স বছরের পর বছর ধরে প্রিমিয়ামের হার সংশোধন করেনি।
হাসপাতালগুলির যুক্তি, ওষুধ, সরঞ্জাম, কর্মীদের বেতন এবং ইউটিলিটি বিলের দাম বেড়ে গেলেও, তাদের পুরনো হারে ফেরত দেওয়া হচ্ছে। আরও অভিযোগ, বিমা সংস্থাগুলি প্রায়শই যথাযথ আলোচনা ছাড়াই টাকার পরিমাণ কাটছাঁট করে ও দাবি মেটাতে দেরি করে। যার ফলে হাসপাতালগুলি আর্থিকভাবে চাপের মধ্যে পড়ে।
উল্লেখ্য, ক্যাশলেস ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগীকে ভর্তির সময় কোনও টাকা দিতে হয় না। হাসপাতালের বিল বিমা সংস্থা সরাসরি মিটিয়ে থাকে। হাসপাতালে ভর্তির খরচ, অস্ত্রোপচার, ক্যান্সার বা কিডনির মতো গুরুতর অসুস্থতার চিকিৎসায় ও দুর্ঘটনায় আঘাতের মতো জরুরি চিকিৎসার খরচ এভাবে বহন করা হয়ে থাকে। এখন হাসপাতালগুলি যদি ক্যাশলেস ট্রিটমেন্ট বন্ধ করে দেয়, তবে তা সরাসরি মেটাতে হবে রোগীর পরিবারকে।
সেক্ষেত্রে রোগীর পরিবারকে চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করতে হবে। ভারতে হার্টের অস্ত্রোপচারের খরচ সাধারণত ৩ থেকে ৭ লাখ টাকার মধ্যে হয়। স্টেন্ট বসানোর খরচ ৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে। কিডনি প্রতিস্থাপনের খরচও ৫ লাখ টাকা থেকে শুরু, ১০ লাখ টাকারও বেশি হতে পারে। সবচেয়ে বেশি খরচ লিভার প্রতিস্থাপনে। প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ।
এই বিপুল পরিমাণ চিকিৎসার খরচ মধ্যবিত্ত পরিবারগুলির উপর চেপে বসলে তা নাভিশ্বাস তোলার জন্য যথেষ্ট। কারণ এই বিপুল পরিমাণ টাকা রাতারাতি জোগাড় করা যায় না। তাই মধ্যবিত্ত পরিবারের মানুষরা চিকিৎসার ক্ষেত্রে ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধার উপর নির্ভর করে থাকে।
(Feed Source: zeenews.com)
