
মুম্বই: সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১০ তারিখ প্রথম ম্য়াচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। তার আগে এই মুহূর্তে দুবাইয়ে আইসিসি অ্য়াকাডেমিতে এই মুহূর্তে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক সূর্যকুমার, সহ অধিনায়ক শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিংহদের নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গিয়েছে।
গিলকে প্রায় এক বছর পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ফিরেছেন। মূলত এদিন হার্ড হিটিং শট অনুশীলন করলেন ভারতীয় তরুণ ব্যাটার। সূর্যকুমারকেও ছন্দে দেখা গেল। শিবম দুবেও দারুণ শট খেলছিলেন। অভিষেক শর্মাকে এদিন সবচেয়ে বেশি বিধ্বংসী মেজাজে নেটে পাওয়া গেল। ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপে কি আদৌ গিল ও অভিষেককে দেখা যাবে না কি স্যামসনকে দেখা যাবে তা নিয়েই প্রশ্ন উঠছে। কেরালার ক্রিকেটারকে ভারতীয় তারকাদের সঙ্গে নেটে দেখা যায়নি। কিন্তু ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের সঙ্গে তাঁকে আলাদা করে দেখা যায় নকিং সেশনে। কেরালা ক্রিকেট লিগে দারুণ ছন্দে দেখা গিয়েছে স্য়ামসনকে। রিঙ্কুকে দেখা গেল টি দিলীপের সঙ্গে ফিল্ডিং সেশনে দীর্ঘক্ষণ সময় কাটাতে।
বুমরার ফিটনেস নিয়ে নজর ছিল সবার। তবে এদিন বল হাতে অনেকক্ষণ নেটে ঘাম ঝড়ালেন বুমরা। দীর্ঘ সময়ের স্পেল করলেন তিনি। গিলকেই বেশিরভাগ সময়টা বোলিং করে গেলেন বুমরা। এছাড়া বাঁহাতি অর্শদীপ ও তরুণ হর্ষিতকেও নেটে বল হাতে দেখা গেল। হার্দিকও গা ঘামালেন। কুলদীপকে দেখা গেল নেটে। যদিও তাঁর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা কম প্রথম ম্য়াচে। তবে বরুণ চক্রবর্তী অনেকক্ষণ বোলিং করলেন।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব যেমন দলের তরুণদের দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘যখন আমার আশেপাশে এমন দারুণ দক্ষ খেলোয়াড়দের দেখতে পাই, তখন স্বাভাবিকভাবেই আমার মুখে হাসি ফোটে। ওরা যেভাবে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়, সেটাই তো আমি আমার দলের থেকে চাই। ওরা মাঠে এই খেলাটা, অনুশীলন করাটা খুবই উপভোগও করে।’
ভারতীয় টি-টোয়েন্টি দলের নবনিযুক্ত সহ-অধিনায়ক শুভমন গিলকে বলতে শোনা যায়, ‘স্বাভাবিকভাবেই আমি খুবই উচ্ছ্বসিত। আমার মতে গোটা গ্রুপটাই দারুণ। যেভাবে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটটা খেলছি তা এক কথায় বলতে গেলে অত্যন্ত দৃষ্টিনন্দন, ভাল ক্রিকেট। আমি এই দলের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’
(Feed Source: abplive.com)
