Blackmail Gang: ঘর ভাড়া করতে এসে তরুণী গ্যাংয়ের খপ্পরে একের পর এক কলেজপড়ুয়া, অশ্লীল ভিডিয়োর ফাঁদে ভয়ংকর লুঠ…

Blackmail Gang: ঘর ভাড়া করতে এসে তরুণী গ্যাংয়ের খপ্পরে একের পর এক কলেজপড়ুয়া, অশ্লীল ভিডিয়োর ফাঁদে ভয়ংকর লুঠ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরে পড়তে এসেছে সদ্য ১৮ পার করা স্নাতকে ভর্তি হওয়া পড়ুয়া। থাকর জন্য ঘর ভাড়া পাওয়ার জন্য হন্য হয়ে ঘুরছে শহরের অলিগলি। তাদেরই টার্গেট করত তরুণী গ্যাং। টু-লেট দেখে ঘর ভাড়া করতে এলেই তরুণ পড়ুয়াদের ফাঁদে ফেলত তরুণীরা। তাদের কাছ থেকে টাকা পয়সা সব লুটে নিত। এরকমই একটি গ্যাংয়ের পর্দা ফাঁস করল ময়মনসিংহ পুলিস।

বাসা দেখতে এলে প্রথমে তরুণ পড়ুয়াদের মারধর করে লুঠপাট করে নিত তারা। তার পর তাদের ছেড়ে দেওয়ার আগে ওইসব তরুণদের অশ্লীল ভিডিয়ো তুলে রাখা হত। বাইরে গিয়ে বললেই সেইসব ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হত। সম্প্রতি ময়মনসিংহে নাজমুল হাসান নামে এক প্রথমবর্ষের পড়ুয়া ঘর ভাড়া নিতে আসেন টু-লেট দেখে। বিজ্ঞাপনে বলা ছিল, একটি ঘর ভাড়া দেওয়া হবে। সেই ঘর দেখতে গিয়েই তরুণী গ্যাংয়ের খপ্পরে পড়েন নাজমুল। তাকে মারধর করা হয়, ফোন, ল্যাপটপ, সঙ্গে থাকা ৫ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। পাশাপাশি এটিএম থেকেও ২০ হাজার টাকা তুলে আনতে বাধ্য করা হয়। নাজমুলের অশ্লীল ভিডিয়ো ধরে রাখা হয়।

ওই ঘটনার পরপরই নাজমুল কোনও ভয় না পেয়ে পুলিসে অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে ২ তরুণীকে গ্রেফতার করে পুলিস। পাশাপাশি তাদের জেরা করে আরও ৪ তরুণী ও ৪ তরুণের চক্রকে গ্রেফতার করে পুলিস। এরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়া।

সংবাদমাধ্যমে নাজমুল জানান, ফেসবুকে ‘টু-লেট ময়মনসিংহ’ লেখা গ্রুপে ব্যাচেলর ১ রুমের সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখতে পান। সেখানে দেওয়া মোবাইল ফোনের নম্বরে ফোন করলে বলা হয় ২ কক্ষের বাসায় এক কক্ষে স্বামী-স্ত্রী থাকেন আরেকটি কক্ষ সাবলেট ভাড়া দেওয়া হবে। গুলকিবাড়ী এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় আমাকে যে কক্ষটি সাবলেট ভাড়া দেওয়া হবে সেটি দেখানোর জন্য ভেতরে ঢোকানো হয়। পরে চারজন নারী ও চারজন যুবক সে রুমে ঢোকেন। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে থাকে। মারধরের একপর্যায়ে তারা আমার আইফোন, ল্যাপটপ নিয়ে যায় এবং সঙ্গে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়। আমার কাছ লিখিয়ে নেয় তারা, যেন বোঝাতে পারে আমি এখানে খারাপ কাজ করতে এসে আটকা পড়েছিলাম। এরপর সেই বাসা থেকে বের করে এটিএম বুথে থেকে ২০ হাজার টাকা তুলে হেলথ অফিসারের গলিতে নামিয়ে দেয়। তারা বলে, এ নিয়ে কাউকে কিছু বললে আমার ক্ষতি হবে।

পুলিশ জানিয়েছে, কলেজছাত্রের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হয়। সাবলেট ভাড়ার নামে তরুণকে আটকে মারধর করা বাসায় অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করা হয়। তারা হলেন সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।এর মধ্যে সাদিয়া ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। আর ফারিয়া তাড়াইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। এই চক্রের চারজন তরুণী ও চারজন তরুণের সম্পর্ক পেয়েছে পুলিস। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। দুই তরুণীর জিম্মা থেকে কলেজছাত্রের মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিস।

(Feed Source: zeenews.com)