
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর কোন দেশ থাকার জন্য কতটা বাসযোগ্য? কোন দেশে জীবনযাত্রার মান কেমন? জীবনযাত্রার মানসূচক সেটাই বুঝিয়ে দেয়। বিশ্বব্যাপী জীবনযাত্রার মানসূচক তালিকায় কম স্কোর করা দেশগুলি কেবল খারাপ জীবনযাত্রার অবস্থাই বোঝায় না, পাশাপাশি দেশের অভ্যন্তরে বৈষম্যকেও তুলে ধরে।
জীবনযাত্রার মান বিভিন্ন কারণ দ্বারা নির্ধারিত হয়। যেমন স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা, আয়-ব্যয়, দূষণের মাত্রা, পরিকাঠামো ও বাসযোগ্যতা। এই তালিকায় থাকা নিম্নমানের দেশগুলি রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্বল ওয়েলফেয়ার সিস্টেম, বেকারত্ব ও মুদ্রাস্ফীতিকে সূচিত করে। ২০২৫-এর Countries With Lowest Quality Of Life Rankings বলছে, এই মাপকাঠিতে বাংলাদেশ বসবাসের জন্য একেবারেই অযোগ্য! তার থেকে পাকিস্তান খানিকটা ভালো! আর ভারত….?
Countries With Lowest Quality Of Life Rankings ২০২৫-এ বাংলাদেশ রয়েছে ৩-এ। বাংলাদেশে জীবনযাত্রার মানসূচক মাত্র ৭৭.০। দূষণ, জনবহুল শহর, স্বাস্থ্য পরিষেবায় সমস্যা, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জের কারণে বাংলাদেশ জীবনযাত্রার মান একদমই নিম্নমানের। পাকিস্তান রয়েছে ‘টপ ফিফটিন‘-এর মধ্যে। পাকিস্তানের অবস্থা বাংলাদেশের থেকে খানিকটা ভালো। ১০৫.৭ স্কোর নিয়ে পাকিস্তান রয়েছে ১৪ নম্বর স্থানে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দুষ্প্রাপ্য স্বাস্থ্য পরিষেবা ও সুশাসনের অভাব পাকিস্তানের সমস্যাগুলির শীর্ষে রয়েছে।
এবার আসা যাক ভারতের কথায়। উন্নয়নশীল ভারত রয়েছে ২৮ নম্বরে। জীবনযাত্রার মান সূচকে ১২৪.৪ স্কোর নিয়ে ভারত ২৮ তম স্থানে রয়েছে (India Ranks 28)। পরিকাঠামোগত উন্নয়ন, ডিজিটালাইজেশন ও বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তবে দূষণ, জনসংখ্যা, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্যা এবং গ্রামীণ ও নগরজীবনে জীবনযাত্রার মানে বৈষম্য ভারতের জন্য উদ্বেগজনক।
জীবনযাত্রার মান র্যাঙ্কিংয়ে ভারত এখনও পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলির তুলনায় ভালো অবস্থানে রয়েছে। তবে বিশ্ব গড়ের তুলনায় পিছিয়ে রয়েছে। তাই ভারতে বিদ্যমান সমস্যাগুলির আশু সমাধান প্রয়োজন। তবেই ভারতের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে।
(Feed Source: zeenews.com)
