
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: “ফালতু! ফালতু! সব ফালতু! বছরের পর বছর ধরে করে যাওয়া ওভারটাইম! হারিয়ে যাওয়া উইকেন্ড! সব… আমি এখন শুধু একটু শ্বাস নিতে চাই।” ঠিক এভাবে এই ভাষাতেই দীর্ঘদিন ধরে চ্য়ালেঞ্জ নিয়ে চাকরি করে আসার পরেও ছাঁটাইয়ের শিকার হয়ে কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এক রেডিট ব্যাবহারকারী।
ছাঁটাই… ছাঁটাই… আর ছাঁটাই… ২০ বছরের কেরিয়ারে ৪ বার ছাঁটাইয়ের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তিনি জানিয়েছেন, এই বছরের শুরুতেই একটি বেসরকারি ইক্যুইটি ফার্ম তাদের কোম্পানি অধিগ্রহণ করে। তারপর এই বছরের জানুয়ারিতেই ব্যাপক ছাঁটাই করে। তাই আন্দাজ করতে পেরেছিলেন যে, আবার খাঁড়া নামতে চলেছে! ভেবেছিলেন, পরের বছরই তিনি অন্য কোম্পানিতে চলে যাবেন। কিন্তু সেই সুযোগ আর পাননি। তার আগেই ছাঁটাইয়ের খাঁড়া নেমে আসে তাঁর উপর।
তিনি লিখেছেন, চাকরি চলে যাওয়ার ভয় তাঁকে তাড়া করে বেরিয়েছে সর্বক্ষণ। গত ৬ মাস ধরে একটানা চাকরি খুঁজে গিয়েছেন তিনি। নানা জায়গায় আবেদন করেছেন। কিন্তু প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই আসেনি। তাঁর আশা হয়তো পরের বছর বাজার চাঙ্গা হবে! তখন হয়তো তিনি আবার সুযোগ পাবেন। কিন্তু তার আগে তিনি এখন কদিন ছুটি নিতে চান। ব্রেক নিতে চান। একটু প্রাণ ভরে শ্বাস নিতে চান।
কারণ, তাঁর কথায়,“ফালতু! ফালতু সব ফালতু! বছরের পর বছর ধরে করে যাওয়া ওভারটাইম! হারিয়ে যাওয়া উইকেন্ড! সব… বছরের পর বছর অতিরিক্ত কাজের পর এখন বিরতি নেওয়া প্রয়োজন। এখনই আমায় একটু শ্বাস নিতে হবে। ছুটি নিতে হবে। বছরের পর বছর ধরে অবিরাম ওভারটাইম, চুরি হয়ে যাওয়া সপ্তাহান্ত এবং কেজো ছুটি আমাকে ভিতর থেকে একেবারে পুড়িয়ে দিয়েছে। নিঃশেষ করে দিয়েছে।”
তাঁর কথায় আরেকজন রেডিট ইউজার লিখেছেন, “১২ বছরের মধ্যে এটা আমার তৃতীয় ছাঁটাই! চাকরির বাজার এখন আবর্জনার। আপাতত ছুটি কাটাও। চুরি যাওয়া সপ্তাহান্তের পরে তুমি এটা পেয়েছে। এই বেকারত্ব তোমাকে কিছুটা শ্বাস নেওয়ার সুযোগ করে দেবে। তারপর ঠিক এটা কাটিয়ে উঠবে।”
(Feed Source: zeenews.com)
