প্রধানমন্ত্রী হতে চান? ‘আমার বড় কোনও পদ বা জিনিসে মোহ নেই’, দাবি মমতার

প্রধানমন্ত্রী হতে চান? ‘আমার বড় কোনও পদ বা জিনিসে মোহ নেই’, দাবি মমতার

প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার কোনও বাসনা নেই। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মানুষের মুখে হাসি ফোটানো এবং দেশের উন্নয়নই হল তাঁর একমাত্র লক্ষ্য।

সোমবার কলকাতায় ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট অনুষ্ঠানে বিরোধী ঐক্য নিয়ে মমতাকে প্রশ্ন করা হয়। তাঁকে প্রশ্ন করা হয়, যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওরা ভবিষ্যতের নেতা হয়ে উঠতে চান, সেখানে বিরোধী দলগুলিকে একই ছাতার তলায় আনতে কংগ্রেসের দরকার আছে কি?

প্রত্যুত্তরে মমতা বলেন, ‘আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার বড় কোনও পদ বা বড় কোনও জিনিসের প্রতি মোহ নেই। আমার সেজন্য কোনও কাজ (নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে বিভিন্ন বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা) করি না। কখনও কখনও আমাদের কোনও কিছু উৎসর্গ করতে হয়। যদি প্রয়োজন পড়ে, তাহলে কাউকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হয়।’

তারইমধ্যে মমতাকে প্রশ্ন ছোড়া হয়, আপনি কি ভারতের প্রধানমন্ত্রী হতে চান? মমতা বলেন, ‘আমার কোনও কিছুতে মোহ নেই। আমার একটাই বিষয়েই মনোযাগ আছে – আমার দেশ অগ্রগতি, আমার দেশ উন্নয়ন, আমার যুব সম্প্রদায় কর্মসংস্থানের সুযোগ, মহিলাদের ক্ষমতায়ন, কৃষকদের হাসি, শ্রমিকদের হাসি, সারা বিশ্বের আমাদের দেশের দারুণ ভাবমূর্তি গড়ে ওঠা এবং সবাই মিলে জোটবদ্ধ ভারত গড়ে তোলা।’

(Source: hindustantimes.com)