
গুয়াহাটি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ (ICC Women’s World Cup 2025)। প্রথম ম্যাচেই ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক দেশ ভারত। অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্য়াচ। সেই ম্যাচের আগেই নিয়ম মেনে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানে থাকবেন না জুবিন গর্গ (Zubeen Garg)।
দিনকয়েক আগেই এক দুর্ঘটনায় জুবিন গর্গের অকালপ্রয়াণ হয়েছে। কিংবদন্তি গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা অসম। এমন পরিস্থিতিতে অসমে জুবিনের মৃত্যুর পর প্রথম আন্তর্জাতিক মানের কোনও ইভেন্ট হচ্ছে। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন এই অনুষ্ঠানে প্রাথমিকভাবে জুবিনের পারফর্ম করার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বোর্ড সচিব জানান গোটা উদ্বোধনী অনুষ্ঠানটাই পাপনের স্মরণার্থে আয়োজিত হবে। তাঁকে গানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানাবেন আর কেউ নন, অসমেরই আরেক কৃতী, খ্যাতিনামা গায়ক পাপন (Papon)।
পাপন ও জুবিনের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুর হঠাৎ প্রাণবিয়োগে শোকস্তবদ্ধ জুবিন। তিনি জুবিনের ১৩ দিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত, ১লা অক্টোবর অবধি সমস্ত কনসার্ট বাতিল করেছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি সকলের কাছে আমার শোগুলি বাতিল করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’
পাপন সব কনসার্ট বাতিল করলেও, মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাপনের গান গাওয়ার কথা। শোনা যাচ্ছা তিনি কোনও পারিশ্রমিক ছাড়াই এই অনুষ্ঠান করবেন। বিসিসিআইয়ের তরফেও শ্রদ্ধার্ঘ্য জানাতে আসন্ন ভারত-শ্রীলঙ্কা ম্যাচের জন্য জুবিন ফ্যান ক্লাবের জন্য বিনামূল্যে পাঁচ হাজারটি টিকিট বিলি করবে। গতকাল থেকেই গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন অফিস থেকে এই টিকিটগুলি বিলি করা হচ্ছে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে টুর্নামেন্টে অংশ নিতে চলা সাত দেশের মহিলা ক্রিকেটারই উপস্থিত থাকবেন। শুধুমাত্র পাকিস্তানের প্লেয়ারদের দেখা যাবে না। পাকিস্তান তাঁদের সব ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে।
