Chhattisgarh: প্রেমিকাই তোলে ধর্ষণের অভিযোগ! জেলমুক্তির ১৫ দিন পরই রেললাইনে মিলল IT কর্মীর…

Chhattisgarh: প্রেমিকাই তোলে ধর্ষণের অভিযোগ! জেলমুক্তির ১৫ দিন পরই রেললাইনে মিলল IT কর্মীর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ২৯ বছরের ইঞ্জিনিয়ারের।  পুলিস একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে লেখা, ‘ভালোবেসে আমি বিশ্বাসঘাতকার শিকার হয়েছি।’

ছত্তীসগঢ়ের উসালাপুর রেললাইনে গৌরব সাভান্নির মৃতদেহ উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গৌরব নয়ডায় কাজ করার সময় ম্যাট্রিমোনিয়াল সাইটে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও গভীর হয়। কিন্তু সেই সুখের সম্পর্কে পরেই ঘনিয়ে আসে কালো মেঘ।

গৌরবের সেই প্রেমিকা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে বসেন। অভিযোগের ভিত্তিতে গৌরবকে গ্রেফতার করে পুলিস। মৃত্যুর ১৫ দিন আগেই তিনি জামিনে মুক্তি পান।

বাড়ি ফিরে আসার পর, গৌরব একেবারে ডিপ্রেশনে চলে যান। সমস্ত রকম সামাজিক কার্যকলাপ থেকে তিনি নিজেকে গুটিয়ে নেন। এমনকি তিনি তাঁর প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। প্রায় সময়ই তাকে বিচলিত অবস্থায় দেখা যেত।

গৌরবের এক ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ গুপ্ত বলেন, গৌরব সবসময়ই প্রাণবন্ত এবং হাসিখুশি থাকতেন। কিন্তু তার সঙ্গে হওয়া ঘটনা তাঁকে একেবারে ভিতর থেকে ভেঙে দিয়েছিল।  আরেক বন্ধু টিপসি মক্কর বলেন, সাম্প্রতিক দিনগুলিতে তিনি কারও সঙ্গে খুব বেশি কথা বলতেন না এবং মানসিকভাবে খুব বিপর্যস্ত বলে মনে হচ্ছিল।

সিনিয়র পুলিস সুপারিনটেনডেন্ট রজনেশ সিং বলেছেন যে আত্মহত্যার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(Feed Source: zeenews.com)