
গত বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক মঞ্চ দাপিয়ে বেড়িয়েছিলেন যিনি তিনি মহাগুরু বাঙালির ঘরের ছেলে মিঠুন চক্রবর্তী। সিনেমার মারকাটারি ডায়ালগে বিজেপির মঞ্চ থেকে হাওয়া তুলে দিয়েছিলেন মিঠুন। কিন্তু সেই হাওয়াতে শেষ পর্যন্ত তরী ভেড়াতে পারেনি গেরুয়া শিবির। ফলাফলে ভরাডুবি হয়েছে গেরুয়া ব্রিগেডের। তবে মিঠুন যে এখনও বিজেপির হাত ছা়ড়েননি তা সোমবার পরিষ্কার হয়ে গেল অনেকটাই।
কলকাতায় এসে তিনি এদিন বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন। তবে কি ফের বাংলার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়বেন মহাগুরু? সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়েছেন, আমি রাজনীতি করি না মানুষ নীতি করি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি তিনি জানিয়েছেন,পশ্চিমবাংলা মানুষের জন্য আমি কিছু করতে চাই। আর করবও। তবে ২১শে যা দেখেছি প্রথমকথা সিনিয়র লিডাররা আমাকে ডেকেছেন। আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি এসেছি। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে। আমাকে কিছু কার্য্যও দিয়েছেন। সবার সামনে বলতে পারব না। দিল্লিতে, বোম্বেতে, বাংলায় হতে পারে। সেটা আমায় করতে হবে।
মিঠুন বলেন, আমি এখন ঠিক আছি। পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রচারে যাবেন কি না তা তিনি খোলসা করেননি। তবে তিনি বলেন, নিশ্চিতভাবে লোকসভা বা তার আগে, তবে এখনই কিছু বলতে পারব না। দিল্লি যা বলবে সেটাই হবে। মমতার সরকারের পতনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কিছু বলব না। সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজে খুব দুঃখ পেয়েছি। ৩ থেকে ৭৭য়ে আমি খুব খুশি। এটাই বিজ্ঞান। নিরাশ হওয়ার কিছু নেই। আমি রাজনীতিতে পলিসি নিয়ে কথা বলি। মানুষের কাজ করতে গেলে পাওয়ারের দরকার হয়। একা একা অনেক করেছি। তাতে যদি আমাদের সরকার আসে আমাদের মুখ্যমন্ত্রী যিনি থাকবেন তাঁকে ধরে কাজটা তো করতে পারব। আমার জন্য নয়, কিছু চাই না। বিজেপির মধ্যে আরও একটু উৎসাহ হলে ভালো হত। তবে মনে হয় উৎসাহ আরও বাড়বে।
(Source: hindustantimes.com)
