
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ (India vs West Indies Test Series 2025)। রস্টন চেজের উইন্ডিজের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে দু’ম্যাচের টেস্ট সিরিজ শুভমন গিলদের (Shubman Gill)। আমদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে প্রথম টেস্ট শেষও হয়ে গেল! ৫ দিনের খেলা মাত্র আড়াই দিনে খতম! ইনিংস ও ১৪০ রানে জিতে সিরিজে এগিয়ে গেলেন শুভমনরা। আমদাবাদে ইতিহাস লিখেছেন বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Creates History)!
জুরেল-জাদেজা
ধ্রুব জুরেল ও জাদেজা প্রথম ইনিংসে, পঞ্চম উইকেটে ২০৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন। জুরেল ২১০ বল খেলে ১২৫ রানে আউট হন। ১৫ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। জুরেল কেরিয়ারের প্রথম টেস্ট শতরানের স্বাদও পান এই টেস্টে। ১২তম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্ট সেঞ্চুরি করলেন জুরেল। উল্লেখযোগ্য ভাবে তিনি পঞ্চম ভারতীয়, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছেন। বিজয় মঞ্জরেকার, ফারুক ইঞ্জিনিয়ার, অজয় রাত্রা এবং ঋদ্ধিমান সাহার মতো খেলোয়াড়দের ক্লাবে যোগ দিয়েছেন জুরেল। তিনি ফেরার পর জাদেজা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সেঞ্চুরি করে ফেলেন। কেরিয়ারের ৬ নম্বর টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছেন জাড্ডু। তিনি ১৭৬ বলে ১০৪ রান করেছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও চমকেছেন জাদেজা। তুলে নিয়েছেন ৪ উইকেট।
অশ্বিন-কপিলের সঙ্গে জাদেজা
জাদেজা তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে নজির গড়েছেন আমদাবাদে। টেস্ট ক্রিকেটে কমপক্ষে ছ’টি সেঞ্চুরি এবং ছ’বার পাঁচ উইকেট শিকার করেছেন। কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিন এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল, ১৩১ টেস্টে ৮ সেঞ্চুরি করেছেন এবং ২৩বার পাঁচ উইকেট পেয়েছেন। সেখানে ভারতীয় ক্রিকেটের আন্না ১০৬ টেস্টে ৬টি সেঞ্চুরি করার পাশাপাশি ৩৭ বার পাঁচ উইকেট নিয়েছেন। ৮৬ টেস্টে জাদেজার ৬টি সেঞ্চুরির সঙ্গে ১৫ বার ফাইফার পেয়েছেন।
ধোনিকে টপকে গেলেন তাঁর ‘স্যর’
জাদেজা তাঁর শতরানের ইনিংসে ৫টি ছক্কা হাঁকিয়ে আরেও একটি বড় মাইলফলক তৈরি করেছেন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ৮০ ছক্কা হাঁকিয়ে ধোনিকে ছাপিয়ে গেলেন জাদেজা। বীরেন্দ্র শেহওয়াগ (৯০), ঋষভ পন্থ (৯০) এবং রোহিত শর্মার (৮৮) পর চতুর্থ স্থানে উঠে এসেছেন। ৯০ টেস্টে ধোনির ৭৮ ছক্কা রয়েছে।
(Feed Source: zeenews.com)
