Crocodile captured: দরজা ঠেলে ঢুকল কুমির! প্রশাসনকে জানিয়ে লাভ না-হওয়ায় ৮ ফুটের সেই জলদানবকে কাঁধে নিয়েই হাজির হায়াত…

Crocodile captured: দরজা ঠেলে ঢুকল কুমির! প্রশাসনকে জানিয়ে লাভ না-হওয়ায় ৮ ফুটের সেই জলদানবকে কাঁধে নিয়েই হাজির হায়াত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রামের মানুষকে প্রায় ঘরে ঢুকিয়ে দিয়েছিল বিশাল এক কুমির। গ্রামবাসীদের বাঁচাতে দেখা মেলেনি প্রশাসনের লোকজনের। শেষপর্যন্ত এটাওয়া থেকে আনা হল হায়াত খান টাইগারকে। হায়াত এসে এক ঘণ্টার চেষ্টায় কাবু করে ফেললেন বিশাল সেই কুমিরকে। কাঁধে চাপিয়ে বের হয়ে এলেন ঘর থেকে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে রাজস্থানের কোটায়।

শুক্রবার রাতে তুলকালাম এটাওয়ার বানজারি গ্রাম। গ্রাম ঢুকে পড়ে প্রায় ৮ ফুট লম্বা এক কুমির। প্রায় ৮০ কোজি ওজানের সেই কুমির ঢুকে পড়ে একজনের ঘরে। ব্যাস! গ্রামজুড়ে শুরু হয়ে যায় আতঙ্ক। স্থানীয়দের দাবি, রাতে বাড়ির সকলে যখন বসার ঘরে বসে গল্প করছিলেন সেইসময় দশাসই সেই কুমির গুটিগুটি পায়ে ঘরে ঢুকে পড়ে।

গ্রামবাসী লাটুরলাল সংবাদমাধ্যমে বলেন, রাত ১০টা নাগাদ আমরা সবাই বসেছিলাম। হঠাত্ করে কুমিরটা দরজা দিয়ে ঘরের ভেতরে চলে এল। কিছু বুঝেওঠার আগেই কুমিরটা আমাদের পেছনের ঘরে গিয়ে ঢুকে পড়ল। বাড়ির সবাই আমরা চিত্কার করে বেরিয়ে পড়লাম।

ঘটনার জানাজানি হতেই পাড়ার লোকজন প্রশাসনকে খবর দেন। কিন্তু কেউ আসেনি। বেগতিক দেখে গ্রামবাসীরাই বনকর্মী এটাওয়ার হায়াত খান টাইগারকে খবর দেন। কারণ তিনি ওই ধরনের এরকম অনেক অপারেশন করেছেন।

খবর পেয়েই গ্রামে চলে আসেন হায়াত খান ও তার টিম। শুরু হয়ে যায় ফিল্মি কায়দায় অপারেশন। হায়াতের টিম প্রথমে ওই কুমিরের মুখ টেপ দিয়ে পেঁচিয়ে দেন। ফলে আর মুখ খুলতে পারেনি কুমিরবাবাজি। এর পর তার সামনের ও পেছনের পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। রাত ১১টা নাগাদ কুমিরটিকে ঘাড়ে চাপিয়ে বাইরে আনেন হায়াত খান।

ঘাড়ে কুমির নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই হায়াত খানকে ঘিরে উচ্ছ্বাসে ভেঙে পড়েন গ্রামবাসী। শেষপর্যন্ত কুমিরটিকে গাড়ি চাপিয়ে নিয়ে গিয়ে চম্বল নদীতে ছেড়ে দেওয়া হয়।

হায়াত খান সাংবাদিকদের বলেন, কুমিরটি ৮ ফুট লম্বা ও ৮০ কেজি ওজন। গত কয়েক বছরে বানজারি গ্রামে এরকম ৩ বার কুমির উদ্ধার হল।

গ্রামবাসীরা জানিয়েছেন গ্রামের সামনেই রয়েছে একটি বড় পুকুর। সেখানেই রয়েছেন এরকম বেশ কয়েকটি কুমির। এদের ভয়ে পুকুরে নামতে ভয় পান মানুষজন। প্রশাসনকে অনেকবার বলা হয়েছে। কোনও কাজ হয়নি। বহুবার বলা হয়েছে পুকুরে বেড়া দিয়ে দেওয়া হোক। কিন্তু সেই অনুরোধ কানে তোলেনি প্রশাসন।

(Feed Source: zeenews.com)