
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দূর প্রবাসে দুর্গা পুজোর পর এবার কালী পুজাতেও ইতিহাস তৈরি করল ইংল্যান্ডের বাঙালি সংস্কৃতি। আগামী ২৯ অক্টোবর পিটারবরো ক্যাথিড্রালের মতো এক ঐতিহাসিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘ভবতারিণী কালী পুজো’। কোনো ব্রিটিশ ক্যাথেড্রালের অভ্যন্তরের হলঘরে এই ধরনের কালী আরাধনার আয়োজন সম্ভবত এই প্রথম। ব্রিটেন জুড়ে প্রবাসী বাঙালিদের মধ্যে এই নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনা।
‘বেঙ্গলি সংস্কৃতি ক্লাব পিটারবরো’ এই প্রথমবার ‘ভবতারিণী মা কালী’র আরাধনার আয়োজন করেছে। সুত্রের খবর অনুযায়ী, ক্যাথিড্রাল চত্বরের ‘বেকেটস ক্যাফে হল’ পুজোর জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকদের কথায় এই ধরনের পবিত্র স্থানে পুজো করার সুযোগ পাওয়ায় ধন্য ব্রিটিসেরা। এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বিলেতের মাটিতে দুই সংস্কৃতির মেলবন্ধন।
পুজার সূচি অনুসারে, সেদিন সন্ধ্যা ৫টা থেকে ১০টা পর্যন্ত চলবে উৎসব। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মা কালীর আরাধনা, যেখানে সমস্ত চিরায়ত ও প্রথাগত আচার-বিধি মেনে পুজো করা হবে। পুজো সম্পন্ন করতে সুদূর লেস্টার থেকে আসছেন পুরোহিত। শান্তি, শক্তি এবং সমৃদ্ধির জন্য মায়ের দৈব আশীর্বাদ ও সুরক্ষা কামনা করতেই এই সম্মিলিত প্রয়াস বলে জানিয়েছেন আয়োজকরা।
রিপোর্টিং: অয়ন চ্যাটার্জী
(Feed Source: zeenews.com)
