)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধ্বংসী আগুনের গ্রাসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। বিশাল ধোঁয়ার গ্রাসে সন্নিহিত এলাকা। বেলা আড়াইটে নাগাদ ওই আগুন লাগে। ঠিক কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও সিভিল অ্যাভিএশেনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে নেমে পড়ে। ঘটনাস্থলে রয়েছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বহু বিমান চট্টোগ্রাম ও কলকাতায় অবতরণ করছে বলে জানা যাচ্ছে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে।
ঢাকা এয়ারপোর্টে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সে ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে।#Dhaka #Bangladesh pic.twitter.com/SkSVRjvubs
— Basherkella – বাঁশেরকেল্লা (@basherkella) October 18, 2025
বিমানবন্দর সূত্রে খবর, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। এছাড়া দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে। বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ। তিনি বলেন, ‘আমরা একটা ইমার্জেন্সি হ্যান্ডল করছি, আমাদের সহযোগিতা করুন।’ বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, ‘আসসালামু আলাইকুম। শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া দুর্ঘটনা নিবারণের জন্য আমাদের শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিসের লোক কাজ করছে।
(Feed Source: zeenews.com)
