)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয় নায়ক বা নায়িকাদের দেখে ফ্য়ানদের উন্মাদনা মাঝে মাঝেই তারকাদের বিড়ম্বনায় ফেলে। এক অনুরাগীর সঙ্গে সেলফি তুলতে গিয়ে মেজাজ হারান অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ঘটনাটি বেশ কিছুদিন আগের, তবুও তা নতুন করে আলোচনায় এসেছে।
জানা যাচ্ছে, অভিনেতা যীশু সেনগুপ্ত বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তারকাকে কাছ থেকে দেখতে সেখানে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। ভক্তদের উন্মাদনা এতটাই ছিল যে তারা যীশুকে ঘিরে ধরে এবং তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য টানাটানি শুরু করে। কেউ কেউ তাঁকে অনুরোধ করতে থাকেন ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য।
অনুরাগীদের এই ধরনের আচরণে অভিনেতা অস্বস্তি বোধ করেন এবং এক পর্যায়ে মেজাজ হারান। ভিডিওটিতে তাঁকে ভিড়ের মাঝে চেঁচিয়ে বলতে শোনা যায়, “সবাই পিছিয়ে যান। পিছিয়ে যান!” অভিনেতার এমন প্রতিক্রিয়ার পর দর্শকরা কিছুটা হকচকিয়ে যান এবং ভিড় কিছুটা সরে যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
কেউ কেউ লেখেন, যীশুর এমন আচরণে অহংকার প্রকাশ পেয়েছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “মানুষের অহঙ্কার বেশি দিন থাকে না।” আবার কেউ কেউ লিখেছেন, “ভীষণ অহঙ্কার। এক দিন সব শেষ হয়ে যাবে।” যদিও এই বিষয়ে যীশুর কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে বারবার সেলফি তোলার চেষ্টা করা বা শারীরিক ভাবে টানাটানি করাও অনুচিত বলে অনেকে মনে করেন। কাজের জায়গায় বা ব্যক্তিগত মুহূর্তে বারবার এমন পরিস্থিতি তৈরি হলে তারকাদের পক্ষেও স্বাভাবিক থাকা কঠিন হয়ে দাঁড়ায়।
প্রসঙ্গত, যীশু সেনগুপ্ত বাংলা সিনেমা ছাড়াও হিন্দি সিনেমা, ওয়েব সিরিজ এবং দক্ষিণী ছবিতেও পরিচিত মুখ। বর্তমানে তিনি নিজের প্রযোজনা সংস্থাও শুরু করেছেন। কিছুদিন আগেই কাজলের সঙ্গে তাঁর ওয়েব সিরিজ ট্রায়ালের দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। সমাজমাধ্যমে তারকাদের নিয়ে এই ধরনের বিতর্ক প্রায়শই শিরোনামে আসে।
(Feed Source: zeenews.com)
