)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শব্দবাজি নিয়ে চারিদিকে এত সতর্কবার্তা এবং আলোচনার পরেও পরিস্থিতি যে এমন ভয়ঙ্কর হবে, তা ভাবতে পারেননি জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। লাগাতার বাজির বিকট আওয়াজে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বাধ্য হয়েই নিজের শারীরিক সমস্যার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেতা।
বাগবাজার অঞ্চলের বাসিন্দা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। জানা যায়, পাশের একটি আবাসনের ছাদ থেকেই ক্রমাগত বাজির শব্দ আসছিল। কাচের জানালা বন্ধ করেও শেষ রক্ষা হয়নি। সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, “একটা কাজের জন্য বাড়ির উঠোনে এসেছিলাম। সেই সময়েই ভয়ঙ্কর বাজির শব্দে হঠাৎ করেই আমার বুক ধড়ফড় শুরু করে দেয়। হাত-পা কেমন যেন একটা হচ্ছিল।”
এই পরিস্থিতিতে তিনি সাহায্যের জন্য বারবার ‘১০০’ নম্বরে ফোন করেন, কিন্তু কোনো লাভ হয়নি বলেই অভিযোগ করেন অভিনেতা। দিন কয়েক আগেই ইসিজি করিয়েছেন, আপাতভাবে তাঁর বিশেষ কোনো অসুস্থতাও ছিল না।
অসুবিধা বাড়ায় উপায় না দেখে অভিনেতা সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসককে ফোন করেন। চিকিৎসক তাঁকে একটি ওষুধ খেতে বলেন, যা স্নায়ুকে খানিকটা শিথিল করবে এবং ধড়ফড়ানি কমাবে।
এই অমানবিক শব্দ সন্ত্রাসের শিকার হয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে আর্তি জানিয়েছেন, “দয়া করে শব্দবাজি ফাটানো বন্ধ করা হোক।” কেবল নিজের সমস্যা নয়, পথে থাকা পশুদের কথা ভেবেও তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। কালীপুজোর আগে থেকেই বহু অভিনেতা-অভিনেত্রী পথের পশু এবং অসুস্থদের কথা ভেবে শব্দবাজি না ফাটানোর অনুরোধ জানিয়েছিলেন। এত আলোচনার পরেও এই সমস্যার সম্মুখীন হতে হবে, তা ভেবে অবাক এবং ক্ষুব্ধ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।
(Feed Source: zeenews.com)
