Meta Layoffs: মেটা কি কোনও বড় বিপদের মুখে? আচমকাই AI ল্যাবের ৬০০ কর্মীকে ছাঁটাই করলেন জাকারবার্গ!

Meta Layoffs: মেটা কি কোনও বড় বিপদের মুখে? আচমকাই AI ল্যাবের ৬০০ কর্মীকে ছাঁটাই করলেন জাকারবার্গ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের প্রচুর কর্মী ছাঁটাই করল ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা (Meta) । ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’ (Superintelligence Labs) এআই ইউনিট থেকে প্রায় ৬০০ কর্মীকে ছাঁটাই করেছে এই সংস্থা। স্বভাবতই এই ছাঁটাইয়ের প্রভাব পড়েছে মেটার ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ (FAIR) টিম, এআই ইনফ্রাস্ট্রাকচার এবং সদ্য গঠিত টিডিবি ল্যাব (TDB Lab)-এর মতো ইউনিটগুলিতে।

অ্যাক্সিওস (Axios)-এর রিপোর্ট অনুযায়ী, মেটা তাদের সুপার ইন্টেলিজেন্স ল্যাবস থেকে বাদ দিয়েছে প্রায় ৬০০ কর্মীর চাকরি। এই ইউনিটটি কাজ করত মেটার গুরুত্বপূর্ণ এআই মডেল এবং পরিকাঠামো প্রকল্পগুলির উপর । ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে এফএআইআর গ্রুপ, এআই ইনফ্রাস্ট্রাকচার ইউনিট, প্রোডাক্ট-সংক্রান্ত এআই টিম এবং নতুন তৈরি হওয়া টিডিবি ল্যাব-এর কর্মীরাও রয়েছেন। যদিও এই বিষয়ে মেটা এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

২০২৫ সালের জুন মাসে মেটা তাদের এআই টিমকে শক্তিশালী করতে অ্যাপল (Apple), ওপেনএআই (OpenAI) এবং গুগল (Google)-এর মতো সংস্থাগুলি থেকে বহু টেক বিশেষজ্ঞকে নিয়োগ করেছিল। সেই সময় কোম্পানিটি শত শত কোটি ডলার খরচ করে এআই ডেটা সেন্টার এবং সুপার ইন্টেলিজেন্স প্রকল্পগুলি তৈরি করেছিল। কিন্তু এখন মনে হচ্ছে, মেটা তাদের এআই ইউনিটকে পুনর্গঠন করে খরচ কমানো এবং কৌশলকে নতুন রূপ দিতে চাইছে।

ছাঁটাইয়ের এই সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বেশ কিছু রিসার্চার জানিয়েছেন, কোনওরকম আগাম নোটিস ছাড়াই তাঁদের হঠাৎ করে মেটা থেকে বরখাস্ত করা হয়েছে। এফএআইআর-এর সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট ইউয়ানডং তিয়ান সহ অনেক অভিজ্ঞ গবেষকই এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন। অন্য এক বিজ্ঞানী জিয়ানজুন ইয়াং লিখেছেন যে, “গতকালই আমার কাজ এআই-এর বড় নামগুলি দিয়ে সাইট করা হয়েছিল, আর আজ আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।” সোশ্যাল মিডিয়ায় বহু কর্মচারী এই সিদ্ধান্তকে অপ্রত্যাশিত এবং ভুল সময়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন।

(Feed Source: zeenews.com)