)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের আগে বাজার গরম করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বীর সাফ ঘোষণা, রাজ্যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ওয়াকফ আইনকে ডাস্টবিনে ফেলে দেব।
বিহারের সীমাঞ্চল-সহ রাজ্যের বেশকিছু আসনে নির্ণায়ক ভূমিকায় রয়েছে মুসলিম ভোটাররা। ফলে মুসলিমদের মন পেতে বহু প্রতিশ্রুতি দিতেই হচ্ছে আরজেডিকে। রবিবারে কাটিহার জেলার এক সভায় তেজস্বী যাদব বলেন, নীতীশ কুমার সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করছেন। অন্যদিকে, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব কখনওই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোস করেননি। নীতীশ কুমারের কারণেই রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে আরএসএস ও তার সহযোগিরা। বিজেপিকে বলা উচিত ভারত জ্বালাও পার্টি। এবার ভোটে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ওয়াকফ আইনকে ডাস্টবিনে ফেলে দেব।
নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী বলেন, নীতীশকে নিয়ে ক্লান্ত বিহারের মানুষ। নীতীশের আমলে রাজ্যে দুর্নীতি আকাশ ছুঁয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মানুষ আর এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। এই মুখ্যমন্ত্রীর কোনও হুঁশ নেই। রাজ্যের প্রতিটি ডিপার্টমেন্ট ঘুঘুর বাসা হয়ে গিয়েছে।
কেন্দ্রের এনডি সরকারকে নিশানা করে তেজস্বী বলেন, বিহারে সীমাঞ্চলের জন্য কিছুই করেনি কেন্দ্র। কারণ এই এলাকা মুসলিম অধ্যুসিত। রাজ্যে ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়ণের জন্য তৈরি করব পৃথক সীমাঞ্চল ডেভলপমেন্ট অথরিটি।
কেন্দ্রের বিরুদ্ধে আরজেডিকে নকল করার অভিযোগ এনে তেজস্বী বলেন, আমরা বলেছিলাম বার্ধক্য ভাতা বাড়াব। তা শুনে নীতীশ সরকার বার্ধক্যভাতা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করে দিয়েছে। আমার ক্ষমতায় এলে ভাতা ২০০০ টাকা করে দেব।
(Feed Source: zeenews.com)
