ধর্মতলায় ফিরছে একুশে জুলাই সমাবেশ, রাজ্যজুড়ে শুরু প্রস্তুতি

ধর্মতলায় ফিরছে একুশে জুলাই সমাবেশ, রাজ্যজুড়ে শুরু প্রস্তুতি

#কলকাতা: দু’বছর পর আবার ধর্মতলায়। একুশে জুলাই-এর সমাবেশ। রাইটার্স অভিযানে শহিদদের শ্রদ্ধা নিবেদন তৃণমূল কংগ্রেসের। তার প্রস্তুতিতেই এখন গোটা রাজ্য। কলকাতায়ও প্রচার-মিছিল-মিটিংয়ের সঙ্গে চলছে দেওয়াল লিখন। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এখন একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি। কোথাও ঘরোয়া মিটিং কোথাও আবার পথসভা প্রচার। যে যেভাবে পারছে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আহ্বান জানাচ্ছে।

প্রচারের সবথেকে পুরনো হাতিয়ার দেওয়াল লিখন। কলকাতা পুরসভার সব ওয়ার্ডেই কমবেশি দেওয়ার লিখন চলছে। কলকাতার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখলেন কাউন্সিলর অসীম বসু। নিজের হাতেই লিখলেন, “একুশে জুলাই ধর্মতলা চলুন।” অসীম বসু বলেন, “দু’বছর আমরা এভাবে তুলি হাতে প্রচারেই নামতে পারিনি।  মোবাইলে মেসেজ আর ভার্চুয়ালি দিদির বক্তব্য শুনেছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। এবার সরাসরি ধর্মতলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন নেতাকর্মীরা। সরাসরিই দিদির মুখ থেকে আগামী দিনের পথ চলার নির্দেশিকা নেবেন রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা। একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। দু বছরের সেই না পাওয়াটা এবার মিটিয়ে নেবেন সকলেই। “

অন্যান্য বছরের একুশে জুলাই এর সঙ্গে ২০২২ এর একুশে জুলাই রাজনৈতিক কারণেও তাৎপর্যপূর্ণ। বছর ঘুরতে না ঘুরতেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়েই ২০২৪ এ দেশের নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে যাবে। ২০২৪ দেশের  এক টার্নিং পয়েন্ট বলা যায়। দেশে বিজেপি সরকারকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ও সহযোগী বিরোধীরা দিল্লির মসনদ দখল করতে চাইছে। এই রাজনৈতিক বাতাবরণে পশ্চিমবঙ্গ থেকে যত বেশি আসন ততই বেশি দেশের রাজনীতিতে গুরুত্ব বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তাই পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে আরও বেশি তৃণমূল কংগ্রেস কর্মীকে পথে নামতে হবে, মানুষের সাথে মিশতে হবে। সেই বার্তাই একুশে জুলাই এর মঞ্চ থেকে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিকেই তাকিয়ে সবাই।

Published by:Rachana Majumder

(Source: news18.com)