Women’s World Cup Prize Money Breakdown: ১১৬০০০০০০০ টাকা! কাপ জিতলেই রাতারাতি ধনকুবের হরমনপ্রীতরা, ২৯৭% বেড়েছে পুরস্কারমূল্য…

Women’s World Cup Prize Money Breakdown: ১১৬০০০০০০০ টাকা! কাপ জিতলেই রাতারাতি ধনকুবের হরমনপ্রীতরা, ২৯৭% বেড়েছে পুরস্কারমূল্য…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের মহিলা ক্রিকেট দল (India’s Women’s Cricket Team) ইতিমধ্যেই ইতিহাস লিখে ফেলেছে। চলতি আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) সেমিফাইনালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৩৩৯ রান তাড়া করে রেকর্ড জয়লাভ করেছে। আগামীকাল ২ নভেম্বর নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে মহাযুদ্ধ। হরমনপ্রীত কৌরের ভারত যদি লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারলেই রাতারাতি ধনকুবের হওয়ার সুযোগ।

২৯৭% বেড়েছে পুরস্কারমূল্য! 

চলতি বিশ্বকাপে জয় শাহর আইসিসি নতুন মানদণ্ড তৈরি করেছে। ২০২২ সালে নিউ জিল্যান্ডে গতবার অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের একদিনের বিশ্বকাপ। তিন বছর আগে আইসিসি-র অনুমোদিত মোট পুরস্কারমূল্য ছিল ৩০ কোটি টাকা। এবার ২৯৭% বেড়েছে পুরস্কারমূল্য! গতবারের বিজয়ী অস্ট্রেলিয়া প্রায় ১১ কোটি টাকা পেয়েছিল। রানার্স ইংল্যান্ড পেয়েছিল ৫ কোটি টাকা।

জয় শাহের সমান বেতন নীতি

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হয়ে জয় শাহ ইতিহাস লিখেছেন গতবছর। তিনি চেয়ারে বসে বারবার বুঝিয়ে দিয়েছেন যে, তাঁর চোখে পুরুষ-মহিলা সব ক্রিকেটই সমান। বিশেষ করে ২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেতন সমতা প্রবর্তনের পর, মহিলা ক্রিকেটের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আইসিসি’র কৌশল স্পষ্ট। জয় গত সেপ্টেম্বরে আইসিসি-র রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা করে বলেছিলেন, ‘এই ঘোষণা নারী ক্রিকেটের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পুরস্কারমূল্যের চারগুণ বৃদ্ধি নারী ক্রিকেটের জন্য এক যুগান্তকারী মুহূর্ত এবং এর দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির প্রতি আমাদের স্পষ্ট অঙ্গীকারকেই প্রতিফলিত করে। আমাদের বার্তা খুবই সহজ। নারী ক্রিকেটারদের অবশ্যই জানতে হবে যে, তারা যদি এই খেলাটি পেশাদার ভাবে বেছে নেয়, তবে তাদের সঙ্গে পুরুষদের সমান আচরণ করাই হবে। এই উত্থান এক বিশ্বমানের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ করার কথাই বলে। পরবর্তী প্রজন্মের খেলোয়াড় এবং ভক্তদের অনুপ্রাণিত করার আমাদের উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে। নারী ক্রিকেট একটি উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী পথে রয়েছে, এবং এই পদক্ষেপের মাধ্যমে আমরা নিশ্চিত যে, এই গতি আরও ত্বরান্বিত হবে। আমরা সকল স্টেকহোল্ডার, ভক্ত, মিডিয়া, অংশীদার এবং সদস্য বোর্ডকে নারী ক্রিকেটকে চ্যাম্পিয়ন করতে এবং এটিকে তার প্রাপ্য স্বীকৃতি এবং সম্মান নিশ্চিত করতে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাই।’

বিরাট লাফ!

২৯৭% পুরস্কারমূল্য বাড়ায় এবার মোট পুরস্কারমূল্য রাখা হয়েছে ১১৬ কোটি টাকা। ২০২২ সালে যা ছিল ৩০ কোটি টাকা। এমনকী ২০২৩ সালে অনুষ্ঠিত পুরুষদের ওডিআই বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ছিল ৮৪ কোটি টাকা। এই বছর বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল নিশ্চিত ভাবে ২ কোটি টাকা পাচ্ছেই। পঞ্চম থেকে অষ্টম স্থানাধিকারী দলগুলিকেও কোটি কোটি টাকা করে দেওয়া হয়েছে। এমনকী গ্রুপ পর্বের জয়ীদের একটি বোনাস হিসেবেও লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে।

পুরস্কারমূল্যের বিভাজন 

বিজয়ী দল পাবে ৪০ কোটি টাকা
রানার্স পাবে ২০ কোটি টাকা
সেমিফাইনালিস্টদের বরাদ্দ ৯.৩ কোটি টাকা
পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারীরা পাবে ৫.৮ কোটি টাকা
সপ্তম ও অষ্টম স্থান অধিকারীরা পাবে ২.৩ কোটি টাকা
গ্রুপ পর্বে অংশগ্রহণেই এবার ২ কোটি টাকা
প্রতি গ্রুপ পর্বে জয়ের জন্য বোনাস ২৮ লক্ষ টাকা

(Feed Source: zeenews.com)