
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুভমন গিল (Shubman Gill) ফর্মে ফিরলেন, ব্যাটে-বলে দুরন্ত অক্ষর প্যাটেল (Axar Patel)। নিটফল- হেসে-খেলে জয়ী টিম ইন্ডিয়া। ৬ নভেম্বর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চলতি ৫ ম্যাচের টি-২০আই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে গেল! ‘দ্য সানশাইন স্টেট’ ওরফে ‘সূর্যোদয়ের রাজ্যে’ এদিন উজ্জ্বল দেখাল ভারতীয় দলকে!
ইন্ডিয়া ইনিংস
কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অবস্থিত, কারারা স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়া এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে ভারত ৮ উইকেটে ১৬৭ রান তোলে। অভিষেক শর্মা (২১ বলে ২৮), শুভমন গিল (৩৯ বলে ৪৬), শিবম দুবে (১৮ বলে ২২), সূর্যকুমার যাদব (১০ বলে ২০), ওয়াশিংটন সুন্দর (৭ বলে ১২) ও অক্ষরের (অপরাজিত ১১ বলে ২১) ‘মিলি-ঝুলি সরকার’ ব্যাট হাতে অবদান রেখেছে।
অস্ট্রেলিয়া ইনিংস
ভারতের রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া পুরো কুড়ি ওভারও ব্যাট করতে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে অজিদের ইনিংস ১৯ ওভারের ভিতর ১১৯ রানে গুটিয়ে যায়। ওয়াশিংটন সুন্দর নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছে অক্ষর-শিবম। একটি করে উইকেট পেয়েছেন অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী
সিরিজ এখন ২-১
গত ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে, সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সূর্যকুমার যাদব ও মিচেল মার্শরা। কিন্তু তুমুল বৃষ্টিতে সেই ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। এরপর গত ৩১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে রীতিমতো ল্যাজে-গোবরে হয়ে ৪ উইকেটে হেরেছিল ভারত। কিন্তু তৃতীয় টি-২০আই-তে সূর্যকুমাররা দেখিয়ে দিয়েছেন কেন তারা বিশ্বের ১ নম্বর। রীতিমতো রেকর্ড করে সিরিজ ১-১ করেছে টিম ইন্ডিয়া। অনবদ্য খেলেছিলেন অর্শদীপ সিং ও ওয়াশিংটন সুন্দর। আগামী ৮ নভেম্বর সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ব্রিসবেনে। ভারত জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে।
(Feed Source: zeenews.com)
