‘কোনও মুখ্যমন্ত্রীকে গানের জগতের পাশে দাঁড়াতে দেখিনি’, বঙ্গবিভূষণ পেয়ে আপ্লুত আরতি মুখোপাধ্যায়

‘কোনও মুখ্যমন্ত্রীকে গানের জগতের পাশে দাঁড়াতে দেখিনি’, বঙ্গবিভূষণ পেয়ে আপ্লুত আরতি মুখোপাধ্যায়

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল আজ। আর সেই অনুষ্ঠানের মঞ্চে চাঁদের হাট, উপস্থিত রইলেন সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত বহু গণ্যমান্য ব্য়ক্তিত্ব। তাঁদের মধ্যেই আজ উপস্থিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায় (Aarti Mukherji)। আজ KIFF-এর মঞ্চে তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে পুরস্কার নিয়ে আবেগপ্রবণ হলেন শিল্পী, চোখে জল!

এদিন মঞ্চে উপস্থিতি আরতি মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরতিদি আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক দিয়েছেন। কিন্তু আমরা কোনোদিন তাঁকে কিচ্ছু দিতে পারিনি। তাঁর গান শুনলে আজও আমাদের মনে কত গান আসে। কত সুরে ঝড় তুলেছেন উনি। কিন্তু আমরা, আমাদের তরফ থেকে কোনোদিন তাঁকে সম্মান জানাতে পারিনি। আজকে আমরা, বাংলার সর্বোচ্চ সম্মান, বঙ্গবিভূষণ তাঁর হাতে তুলে দিতে পেরেছি। উনি হয়তো জীবনে অনেক সম্মান পেয়েছেন। কিন্তু মাটির দানে একটা অন্যরকম ভালবাসা জড়িয়ে থাকে। এই মাটির দানটা উনি অনুগ্রহ করে গ্রহণ করেছেন। আমরা খুব কৃতজ্ঞ।’

এর উত্তরে আরতি মুখোপাধ্যায় বলেন, ‘আমি খুব ভালবেসেই এই সম্মান নিয়েছি। মমতা, তুমি যেভাবে সবার জন্য কাজ করো, সেটা আমার ভীষণ ভাল লাগে। বিশেষ করে গানের জগতে। গানের দুনিয়ার প্রত্যেক শিল্পীর ওপরেই তোমার আলাদা ভালবাসা রয়েছে। কখনও কোনও সমস্যা হলে সবসময় তুমি সবার পাশে দাঁড়িয়েছো। সবাইকে সাহায্য করার চেষ্টা করেছো। এটা আমি দেখিনি কখনও কোনও মুখ্যমন্ত্রী করছেন, ভালবেসে করছেন। আমি এমন কোনও মানুষকে কখনও দেখিনি। মমতা যা করছে, তার জন্য ওকে চিরকাল মনে রাখা হবে। সবসময় আমি বলি, মমতা যেভাবে কাজ করে, তার সঙ্গে কারোর তুলনা হয় না। আমি যখন তোমার হাত থেকে পুরষ্কার নিলাম.. আমি কাঁদছিলাম। তুমি ভাল থেকো।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পান শত্রুঘ্ন সিংহ। আর বঙ্গবিভূষণ সম্মানের জন্য আরতি মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই আরতি মুখোপাধ্যায় জড়িয়ে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে বক্তব্য রাখতে গিয়ে আরতি মুখোপাধ্যায় বলেন, এই সম্মান পেয়ে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে তাঁর চোখ ভিজে গিয়েছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের, তাঁর সঙ্গীত জগতের পাশে দাঁড়ানোর প্রবণতা, সব কিছুরই প্রশংসা করেন।

(Feed Source: abplive.com)