
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন নতুন নয়। তবে এতদিন পর্যন্ত কেউই মুখ খোলেননি। কিন্তু সামান্থার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট যেন সেই জল্পনাকেই আরও একটু উসকে দিলেন তিনি নিজেই।
নিজের পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ উদ্বোধনের অনুষ্ঠানে সামান্থাকে রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায়। এক ছবিতে সামান্থা রাজের কোমর জড়িয়ে ধরেছেন, রাজও তাকে আলতোভাবে কাছে টেনেছেন। অন্য এক ছবিতে দেখা যায়, রাজ সামান্থার পিছনে দাঁড়িয়ে, আর পাশে রয়েছেন তমান্না ভাটিয়া সহ আরও অনেকে।
পোস্টের ক্যাপশনে সামান্থা লেখেন,
বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা আমি। গত দেড় বছরে জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিয়েছি—ঝুঁকি নিয়েছি, নিজের অন্তরকে বিশ্বাস করেছি, আর শিখেছি চলার পথে। আজ আমি ছোট ছোট সাফল্য উদযাপন করছি।
সামান্থা ও রাজ একসঙ্গে কাজ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে। এরপর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। সামান্থার ইনস্টাগ্রাম পোস্টে প্রায়ই রাজের সঙ্গে ছবি দেখা যায়, যা তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছে। এমনকি দু’জনকে একাধিকবার ছুটির দিন একসঙ্গে কাটাতেও দেখা গেছে।
বর্তমানে সামান্থা, রাজ ও ডিকে-র নতুন প্রজেক্ট ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ অভিনয় করছেন। সিরিজটিতে থাকছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২০২৬ সালে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।
এদিকে রাজ ও ডিকে-র জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজন আসছে এই বছরের ২১ নভেম্বর, যেখানে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী ও জয়দীপ আহলাওয়াত।
প্রেমের গুঞ্জন সত্যি কিনা তা এখনও জানা না গেলেও, সামান্থা ও রাজের নতুন ছবিগুলো দেখে ভক্তরা বলছেন — এটাই বোধহয় তাঁদের সম্পর্কের অফিসিয়াল ঘোষণা!
(Feed Source: zeenews.com)
