
কলকাতা: তিনি চিরকালই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন, একমাত্র সন্তান ছাড়া, কোনও বিষয়ই খুব একটা বেশি প্রকাশ্যে আনতে চাননি। তবে, তিনি যে ভীষণভাবে একজন পরিবার কেন্দ্রিক মানুষ, তা তাঁর কথায় বার্তায় বোঝা যায় হামেশাই। আজ, সোশ্যাল মিডিয়ায় নিজের প্রিয়জনকে হারিয়ে একটি লম্বা পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পীর শাশুড়িমা। জোজোর খুব কাছের ছিলেন তাঁর শাশুড়িমা, তাঁকে হারিয়ে জোজো যেন দ্বিতীয়বারের জন্য মাতৃহারা হলেন। সোশ্যাল মিডিয়ায় শাশুড়ি মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে অনেক কথা শেয়ার করে নিয়েছেন জোজো।
জোজো লিখেছেন, ‘আমার যখন বাবলুর সঙ্গে বিয়ে হয়েছিল, তখন আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। ‘সংসার’ নামক যে শব্দটা, সেখানে আমি তখন একেবারে আনাড়ি। আমি হয়তো আদর্শ বৌমা হতে পারিনি কখনও, কিন্তু জীবনে অনেক কিছু শিখেছি তোমার থেকে। আমি সেই সময়ে ব্যক্তিগত জীবন আর কাজের জায়গা ২ দিক বজায় রেখে আমি চলতে পারতাম না। আমি অনেক ভুল করতাম, কিন্তু তুমি কখনও কিছু বলোনি আমায়। তুমি কেবল আমায় ওড়ার ডানা দিয়েছো। আমি আর বাবলু যাতে আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি, যাতে ডানা মেলে উড়তে পারি সেটা তুমি নিশ্চিত করেছো সবসময়। বাজো (জোজোর কন্যা) -র সমস্ত দায়িত্ব তুমি নিয়ে নিয়েছিলে। আমাদের ছোট্ট পরিবার ছিল, আমি, বাবলু, বাজো আর তুমি। আমাদের সমস্ত ছুটি কাটানো, সমস্ত উৎসব অনুষ্ঠান.. কোনোকিছুই আর আগের মতো থাকবে না। আদি (জোজোর পুত্র) ওর ঠাম্মাকে খুব মিস করবে, কারণ ও এখন এই চলে যাওয়া বা মারা যাওয়া বোঝার জন্য বড্ডই ছোট। ভাল থেকো মা, সাবধানে যেও। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি এখন আমাদের মধ্যে আর নেই, আর থাকবে না। কিন্তু আমি জানি, তুমি চিরকাল আমাদের ওপর তোমার আশীর্বাদ বজায় রাখবে। আমাদের আবার দেখা হবে। ভাল থেকো মা।’
সদ্যই জোজো সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কে জড়িয়েছিলেন। সঙ্গীতশিল্পী পৌষালীর সঙ্গে অনুষ্ঠান করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণে সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন জোজো। পাল্টা জবাব দিয়েছিলেন পৌষালী ও। সব মিলিয়ে সরগমর ছিল সোশ্যাল মিডিয়া। তবে এখন, প্রিয়জনকে হারিয়ে স্মৃতিকাতর জোজো।
(Feed Source: abplive.com)
