
সন্দীপ সরকার, কলকাতা: সোমবার ঘড়িতে তখন সকাল এগারোটা হবে। সকালে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ঐচ্ছিক অনুশীলন হওয়ার কথা ছিল। যদিও শেষ মুহূর্তে তা বাতিল করেন তেম্বা বাভুমারা। একেবারে মঙ্গলবার থেকে প্র্যাক্টিসে নামবেন টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা।
অথচ সোমবার সকালে আচমকা সিএবি-র নীচে দেখা গেল পুলিশি তৎপরতা। ভিআইপি কেউ আসছেন নাকি? খোঁজখবর নিতেই জানা গেল, ইডেনে আসছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। খানিক পরেই দেখা গেল, ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের সামনে এসে দাঁড়াল দুধসাদা ইনোভা। গাড়ি থেকে নেমেই দ্রুত ড্রেসিংরুমের দিকে হাঁটা দিলেন গুরু গম্ভীর। সঙ্গে ছিলেন সহকারী কোচ সীতাংশু কোটাক। দুজনই চলে গেলেন মাঠে। সেখানে তখন ছিলেন ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তাঁর সঙ্গেই গম্ভীরকে কিছুক্ষণ কথা বলতে দেখা গেল। ইডেনের বাইশ গজ বেশ খানিকক্ষণ সময় নিয়ে দেখলেন গম্ভীর। তারপর মাঠ ছাড়লেন।
উইকেট দেখে কী বললেন গম্ভীর? জল্পনা শুরু হয়ে গেল। কেউ কেউ বলছিলেন, গম্ভীর নাকি ঘূর্ণি পিচ চেয়েছেন। যদিও সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং সুজন। ইডেনের কিউরেটর বললেন, ‘গম্ভীর পিচ দেখে খুশি। জিজ্ঞেস করল, কীরকম রান উঠবে? ওকে বলেছি, ভাল ব্যাটিং পিচ হবে। প্রথম দুদিন পেসাররা সামান্য সাহায্য পাবে। কারণ পিচে গতি ও বাউন্স থাকবে। তৃতীয় দিন থেকে বল ঘুরবে। স্পিনাররা সহায়তা পাবে। সব মিলিয়ে ভাল, স্পোর্টিং উইকেট হবে। গম্ভীর সন্তুষ্ট হয়েই মাঠ ছেড়েছে।’
বলা হল, দক্ষিণ আফ্রিকা দলে দুজন বিশ্বমানের স্পিনার রয়েছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। টেস্টে যাঁর উইকেট সংখ্যা ২১২। সঙ্গে অফস্পিনার সাইমন হার্মার। যিনি সদস্য পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন। যার মধ্যে রাওয়ালপিণ্ডিতে আট উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে বড় অবদান রেখেছিলেন। রয়েছেন সেনুরান মুথুস্বামী। যিনি ১১ উইকেট নিয়েছিলেন লাহৌরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে। সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ঘূর্ণি পিচে খেললে তা ব্যুমেরাং হতে পারে। ভারতীয় ব্যাটিং স্পিনের সামনে কেঁপে গিয়েছে, সম্প্রতি এমন উদাহরণ রয়েছে। নিউজ়িল্যান্ডের স্পিনারদের সামনে মাথা নত করেছিলেন ভারতীয় ব্যাটাররা। গম্ভীর নিশ্চয়ই তার পুনরাবৃত্তি চাইবেন না।
স্পিনারদের স্বর্গ নয়, ইডেনে তাই ব্যাটিং সহায়ক পিচই চেয়েছেন গম্ভীর, দাবি করলেন সুজন। বললেন, ‘গম্ভীরকে বলেছি, হাল্কা ঘাস থাকবে। না হলে উইকেটের বাঁধন থাকবে না।’ ইডেনে পিচ নিয়ে নাটকের কি যবনিকা পড়ল?
(Feed Source: abplive.com)
