Bollywood actor Dharmendra in Ventilator: শোলের সুবর্ণজয়ন্তী বর্ষেই সংকটে ‘বীরু’! ভেনটিলেটরে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র…

Bollywood actor Dharmendra in Ventilator: শোলের সুবর্ণজয়ন্তী বর্ষেই সংকটে ‘বীরু’! ভেনটিলেটরে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। সপ্তাহখানেক আগেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বেশ কয়েকদিন ধরেই আইসিইউতে ছিলেন তিনি। তবে সোমবার সকালে অবস্থার অবনতি হওয়ায় অভিনেতাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বলে সূত্রের খবর। এ দিন পরিবারের সদস্যদের সকাল থেকে দেখা গিয়েছে বার বার হাসপাতালের যাতায়াত করতে। অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ইক্কিস ছবির ঝলক। যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তাঁর নব্বই বছর বয়স। তারই মাঝে খবরে এল ধর্মেন্দ্র হাসপাতালে। যদিও পরিবার বা হাসপাতালের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। গত ৩ নভেম্বর ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী অভিনেতার স্বাস্থ্যের আপডেট দিয়েছিলেন। বিমানবন্দরে পাপারাৎজ়িদের তিনি জানিয়েছিলেন, ভালো আছেন ধর্মেন্দ্র। এমনকী, হাতজোড় করে সে দিন ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছিলেন হেমা।

কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তবে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা তেমন আশঙ্কাজনক নয়। চিকিংসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। তবে যেহেতু অভিনেতার বয়স নব্বইয়ের দোড়গোড়ায়, সেহেতু কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা।

প্রসঙ্গত, চলতি বছর ধর্মেন্দ্রর চোখের অস্ত্রোপচারও হয়েছিল। মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে বেরনোর সময়ের ভিডিয়ো প্রকাশ্যে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তেরা। ভিডিয়োয় ধর্মেন্দ্রকে পাপারাৎজ়িদের বলতে শোনা যায়, ‘আমি একদম ভালো আছি’।

১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে- ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বহু ছবিতে কাজ করেছেন অভিনেতা। দীর্ঘ বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। শেষ বার অভিনেতাকে দেখা গিয়েছিল, তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিতে। কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ডিসেম্বরে মুক্তি পাবে ইক্কিস। এই ছবিতেও দেখা যাবে অভিনেতাকে।

(Feed Source: zeenews.com)