
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি করানো হয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। তারপর থেকে অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তিনি স্থিতিশীল আছে। এবং সবাইকে অনুরোধ করা হয়েছিল যেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন ও পরিবারের গোপনীয়তা রক্ষা করেন।
এরপরেও মঙ্গলবার সকালে সেই ভুয়ো খবর ছড়িয়ে পড়তে শুরু করে। ধর্মেন্দ্রের মেয়ে এশা দেওল সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। তিনি লেখেন, ‘মিডিয়ায় একাধিক ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। আমার বাবা এখন স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা অনুরোধ করছি, আমাদের একটু একান্তে থাকতে দিন। বাবা দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে ধন্যবাদ।’
ধর্মেন্দ্রর মৃত্যুর গুজবে ক্ষুব্ধ স্ত্রী হেমা মালিনী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে মিডিয়া চ্যানেলগুলির তীব্র সমালোচনা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘যা হচ্ছে তা ক্ষমার অযোগ্য। একজন মানুষ যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন, তাঁর সম্পর্কে দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন। দয়া করে পরিবার এবং তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি শ্রদ্ধা জানান।’
What is happening is unforgivable! How can responsible channels spread false news about a person who is responding to treatment and is recovering? This is being extremely disrespectful and irresponsible. Please give due respect to the family and its need for privacy.
— Hema Malini (@dreamgirlhema) November 11, 2025
গত রাতেও হেমা মালিনী তাঁর ইনস্টাগ্রামে অভিনেতার আপডেট শেয়ার করেন। তিনি লিখেছিলেন, ‘ধর্মজি হাসপাতালে পর্যবেক্ষণ আছেন। তাঁর প্রতি আপনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। তিনি ক্রমাগত নজরে আছেন এবং আমরা সবাই তাঁর সঙ্গে আছি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি তাঁর সুস্থতা ও দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করতে।’
জানা গিয়েছে, ১০ নভেম্বর অভিনেতা শারীরিক অবস্থার অবনতি ঘটলে, তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্য়ান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তিনি হাসপাতালে ভর্তি। ৩১ অক্টোবর ধর্মেন্দ্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশ কয়েকদিন ধরেই আইসিইউতে ছিলেন তিনি।
উল্লেখ্য, চলতি বছর ধর্মেন্দ্রর চোখের অস্ত্রোপচারও হয়েছিল। মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে বেরনোর সময়ের ভিডিয়ো প্রকাশ্যে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তেরা। ভিডিয়োয় ধর্মেন্দ্রকে পাপারাৎজ়িদের বলতে শোনা যায়, ‘আমি একদম ভালো আছি’।
১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে- ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বহু ছবিতে কাজ করেছেন অভিনেতা। দীর্ঘ বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। শেষ বার অভিনেতাকে দেখা গিয়েছিল, তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিতে। কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ডিসেম্বরে মুক্তি পাবে ইক্কিস। এই ছবিতেও দেখা যাবে অভিনেতাকে। আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন।
(Feed Source: zeenews.com)
