বড়মার মন্দিরে পুজো দিয়ে আবার ‘প্রলয়’ ঘটাবেন রাজ, ফের সন্ধান করবেন নারী পাচার চক্রের!

বড়মার মন্দিরে পুজো দিয়ে আবার ‘প্রলয়’ ঘটাবেন রাজ, ফের সন্ধান করবেন নারী পাচার চক্রের!

কলকাতা: রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘প্রলয়’ সিরিজ বরাবরই জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মধ্যে। সদ্যই নতুন সিনেমা ‘হোক কলরব’-এর শ্যুটিং শেষ করেছেন রাজ। আর তারপরেই, নতুন সিরিজের ঘোষণা করলেন পরিচালক। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, রাজ ‘প্রলয়’ সিরিজ নিয়ে ফের নতুন পরিকল্পনা করছেন। আর এবার, সেই কথাই ঘোষণা করলেন রাজ। মঙ্গলবার থেকেই, নতুন সিরিজ ‘আবার প্রলয় ২’-এর কাজ শুরু করে দিলেন রাজ। সোমবার ছিল নতুন সিরিজের মহরত। নতুন এই সিরিজ, মুক্তি পাওয়ার কথা জিফাইভ (Zee 5)-এর ওটিটি প্ল্যাটফর্মে।

আগের সিরিজের মতো, এই সিরিজেরও মুখ্যভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তিনি ছাড়াও, এই সিরিজে রয়েছেন, খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সায়নী ঘোষ (Saayoni Ghosh), সৌরসেনী মৈত্র (Souraseni Maitra), পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhay) ও অন্য়ান্যরা। এই সিরিজের আগের ভাগে, সুন্দরবনের নারীপাচার চক্রকে দেখানো হয়েছিল। এবার আরও বর্ধিতভাবে সেই ঘটনাকে তুলে ধরা হবে। প্রেক্ষাপট ও অভিনেতারা থাকছেন একই, তবে সিরিজে থাকবে অনেক নতুন চমক।

মঙ্গলবার ব্যারাকপুর আর নৈহাটি এলাকায় সিরিজের শ্যুটিং শুরু হয়। এদিন বড়মার মন্দিরে পুজো দিয়ে সিনেমার শ্যুটিং শুরু করেন রাজ ও তাঁর টিম। জানা যাচ্ছে, এবারেও সিরিজে থাকবেন অভিনেতা সাংসদ পার্থ ভৌমিক। গল্পের চরিত্ররা এক থাকলেও, একেবারে অন্য ধাঁচে বলা হবে গল্প। এই সিরিজের প্রযোজনা করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। ক্যামেরার দায়িত্বে রয়েছেন, মানস গঙ্গোপাধ্যায়। কবে এই সিরিজ মুক্তি পাবে, তা নিয়ে অবশ্য এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি।

সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং সেট থেকে ও একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রাজ। সদ্যই ‘হোক কলরব’ ছবির শ্যুটিং শেষ করেছেন রাজ। এই ছবিতেও রয়েছে একঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী। শোনা যাচ্ছে, রাজের নতুন সিরিজ ‘আবার প্রলয় ২’-তেও দেখা যাবে বেশ কিছু নতুন মুখ। আপাতত জোরকদমে চলছে সিনেমার শ্যুটিং। প্রসঙ্গত, রাজের ‘প্রলয়’ সিরিজের হাত ধরেই প্রথম কৌশানীকে একেবারে অন্যরকম চরিত্রে দেখেছিলেন দর্শক। বোধহয় পরিচালকেরাও। তারপরেই একাধিক শক্তিশালী চরিত্রের অফার পান কৌশানী।

(Feed Source: abplive.com)