
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজনের ৬ স্ত্রী। আর ৬ স্ত্রী-ই একইসঙ্গে গর্ভবতী! অবাক হচ্ছেন? আশ্চর্যজনক হলেও, ঘটনাটি সত্যি! বাস্তবে এমনটাই ঘটেছে।
আফ্রিকার এক ব্যক্তির ৬ স্ত্রী। আর তাঁরা সবাই একই সময়ে গর্ভবতী। না কোনও আইভিএফ নয়, স্বাভাবিকভাবেই তাঁরা গর্ভবতী হয়েছেন ৬ জন, একসঙ্গে। এই ঘটনাটি সামনে আসার পর থেকেই ভাইরাল। অনেকেই আফ্রিকার বাসিন্দা ওই ব্যক্তিকে কেনিয়ার বিখ্যাত ‘বহুবিবাহের রাজা’ আকুকু ডেঞ্জারের সঙ্গে তুলনা করেছেন। ৬ জন স্ত্রী একই সময়ে গর্ভবতী হওয়ার পরই শিরোনামে এসেছেন আফ্রিকার ওই ব্যক্তি।
৬ জন স্ত্রীর কেউ ৫ মাস, আবার কেউ ৭ মাসের গর্ভবতী। যেমন প্রথম স্ত্রী ৭ মাসের গর্ভবতী। সবার আগে তাঁর সন্তান ভূমিষ্ঠ হবে। দ্বিতীয় স্ত্রী সাড়ে ৬ মাস, তৃতীয় স্ত্রী ৬ মাস। চতুর্থ স্ত্রী সাড়ে ৫ মাস আর পঞ্চম ও ষষ্ঠ স্ত্রী, দুজনেই ৫ মাসের গর্ভবতী। আফ্রিকার জঙ্গলের এক প্রত্যন্ত অঞ্চলে থাকে এই পরিবারটি। পারিবারিক জীবনযাপন তাঁদের এমনিতেই অত্যন্ত কঠিন। তার উপর প্রতিদিন সকালে যখন ৬ স্ত্রীর-ই একসঙ্গে গর্ভাবস্থাকালীন বিভিন্ন ধরণের ‘মর্নিং সিকনেস’ দেখা দেয়, তখন তা নিঃসন্দেহে ওই ব্যক্তির জন্য একটা চ্যালেঞ্জ। কারণ স্বামী হিসেবে তিনি তাঁদের ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এই নিয়ে অবশ্য অভিযোগ নেই কোনও স্ত্রীর-ই। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিয়োও একথা বলেছেন ৬ স্ত্রী-ই। ইতিমধ্যেই এই ভিডিয়ো ভাইরাল। প্রতিবেশী থেকে নেটিজেন, সবাই তাঁদের বাড়িটিকে একটা হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সঙ্গে তুলনা করেছেন। যেখানে ওই পরিবারটি আগামী কয়েক মাসের মধ্যে ৬ সন্তানকে স্বাগত জানাবে। সদ্যোজাতের কান্নায় মুখরিত হয়ে উঠবে তাঁদের বাড়ি।
(Feed Source: zeenews.com)
