
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারের কুর্সিতে কে? ২ দফায় ভোটগ্রহণ পর্ব শেষ। শুক্রবার সকাল ৮ থেকে শুরু ভোটগণনা। ইভিএম খুলতেই মিলবে আঁচ। বেশিরভাগ বুথফেরত সমীক্ষাই অবশ্য বলছে, বিহারে ফের নীতীশরাজ। বিরাট ব্যবধানে জিতবে NDA। কিন্তু ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এমন পূর্বাভাস মেলে না।
কমিশন জানিয়েছে, সকাল ৮টা থেকে শুরু ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম। ইভিএমের গণনা শেষে ভিপি প্য়াড যাচাই করার জন্য বেছে নেওয়া হবে পাঁচটি বিধানসভাকেন্দ্রকে। প্রার্থী ও এজেন্টদের সামনেই ইভিএমে ফলের সঙ্গে ভিভিপ্যাড মিলিয়ে দেখা হবে। প্রত্যেক রাউন্ডে শেষে বিধানসভাভিত্তিক ফল ঘোষণা করা হবে। এবছর বিধানসভা ভোটে রেকর্ড ভোট পড়েছে বিহারে। গত ৬ নভেম্বর ২৪৩ আসনের বিধানসভায় প্রথম দফায় ১২১টি আসনে ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২টি আসনে ৬৮.৭৮ শতাংশ। সামগ্রিক ভাবে প্রায় ৬৭ শতাংশ। যা সর্বকালীন রেকর্ড।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৭ শতাংশ। সে বার ৩৭.২৬ শতাংশ ভোট পেয়ে ১২৫টি আসনে জিতেছিল এনডিএ। ৩৭.২৩ শতাংশ ভোট পেয়ে ১১০টিতে মহাগঠবন্ধন। নির্দল ও অন্যেরা আটটিতে।
(Feed Source: zeenews.com)
