বন্দুক হাতে পুরনো অবতারে ফিরছেন কোয়েল, সত্যের সন্ধানে মিতিনের নতুন অভিযান

বন্দুক হাতে পুরনো অবতারে ফিরছেন কোয়েল, সত্যের সন্ধানে মিতিনের নতুন অভিযান

দ্বিতীয় সন্তানের জন্মের পর বেশ কিছুদিন বড় পর্দা থেকে নিজেকে দূরে রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে এবার দুই সন্তান যখন কিছুটা বড় হয়ে গিয়েছে, তখন আবার পুরোদমে বড় পর্দায় ফিরতে চলেছেন কোয়েল। কিছুদিন আগেই ‘স্বার্থপর’ ছবির অসামান্য সফলতা প্রমাণ করে দিয়েছে কোয়েল এখনও নিজের জায়গা ধরে রেখেছেন আগের মতোই।

এবার এই বছরের বড়দিনেই আসতে চলেছে কোয়েল মল্লিকের দ্বিতীয় ছবি ‘মিতিন একটি খুনির সন্ধানে’। খুব সম্প্রতি ছবির নাম প্রকাশ্যে এনে কোয়েল বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা গিয়েছিল আগামী ছবির প্রমোশন নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। কোয়েলের সঙ্গে ছবিতে দেখতে পাওয়া গিয়েছিল তাঁর স্বামী নিসপাল সিংকে। ছিলেন ছবির পরিচালক অরিন্দম শীলও।

এবার প্রকাশ্যে এল কোয়েলের নতুন ছবির অফিসিয়াল মোশন পোস্টার। যদিও গতকালই ঘোষণা করা হয়েছিল যে ১৯ নভেম্বর সকাল ১১ টায় অফিসিয়াল মোশন পোস্টার মুক্তি পাবে, সেই ঘোষণা অনুযায়ী সময় মতই প্রকাশ্যে আনা হল কোয়েলের নতুন লুক।

পোস্টার প্রসঙ্গে

মোশন পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে একটি ছাই ছাই রঙের শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। হাতে বন্দুক, চোখে চশমা, চাহনিতে বুদ্ধিদীপ্ততা। ছবির নেপথ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটি পুরনো ভগ্নপ্রায় বাড়ি এবং দুই দিকে দুটি ট্রাম।

নিচে লাল রঙে বড় বড় করে লেখা মিতিন, নিচে ছোট করে লেখা একটি খুনির সন্ধানে। অরিন্দম শীল পরিচালিত এই ছবিটি সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি করা। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম মুক্তি পায় কোয়েলের ‘মিতিন মাসি’। ২০২৩ সালে এই রহস্যময় গোয়েন্দা, গল্পের দ্বিতীয় ভাগ মুক্তি পাই যার নাম ছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। দুটি ছবিই সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল। এবার পালা তৃতীয় পর্বের।

প্রথম সিনেমাটি সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিনটে দিন’ গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল এবং দ্বিতীয় সিনেমাটি তৈরি করা হয়েছিল ‘সারাণ্ডায় শয়তান’ গল্প অবলম্বনে। ফেলুদা এবং ব্যোমকেশের মতো মিতিন মাসিও যে বাঙালি গোয়েন্দা প্রেমিকদের কাছে একটি পছন্দের গোয়েন্দা চরিত্র, সেটা বলাই বাহুল্য।

(Feed Source: hindustantimes.com)