
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছরই ফের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ইতিহাসের সব চেয়ে বড় কাপযুদ্ধ শুরু ২৫ মে। ফাইনাল ১৯ জুলাই। প্রথমবার ৪৮ দলের লড়াই দেখবে বিশ্বকাপ। এই দেশগুলির মধ্যে থাকছে কুরাসাও (Curacao)। জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে ঐতিহাসিক এন্ট্রি নিল এই দ্বীপ দেশের! (Curacao made history by becoming the smallest nation by population to qualify for the FIFA World Cup)
কুরাসাওর বিশ্বকাপে ইতিহাস
আমেরিকা,কানাডা এবং মেক্সিকোতে এবার ফুটবলে মহোৎসব। এই প্রথম তিন দেশ একত্রে বিশ্বকাপের আয়োজন করছে। মোট ১৬টি শহরে চলবে হেভিওয়েট কাপযুদ্ধ। কিছু দিন আগেই সাড়ে পাঁচ লক্ষের দেশ কেপ ভার্দে, ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে চমকে দিয়েছিল বিশ্বকে। এবার সেই নজিরকে টপকেই ইতিহাস লিখল ১.৫ লাখ মানুষের দেশ কুরাসাও। দক্ষিণ ক্যারিবিয়ান সাগর এবং ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ দেশটি ভেনেজুয়েলা উপকূলের ৬৫ কিমি উত্তরে নেদারল্যান্ডস রাজ্যের এই স্বায়ত্তশাসিত দেশ।
করে দেখাল কুরাসাও!
গত মঙ্গলবার রাতে জামাইকার সঙ্গে ০-০ ড্র করেই বিশ্বকাপের কনফার্মড টিকিট কেটে ফেলে কুরাসাও। কনকাকাফে নিজেদের মহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে কুরাসাও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে শীর্ষে শেষ করেছিল। কোনও ম্যাচ না হেরেই কুরাসাও ইতিহাস লিখেছে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করে। কুরাসাওর কোচ ডিক অ্যাডভোকাট গত সপ্তাহে পারিবারিক কারণে দেশে ফিরেছিলেন। জামাইকার বিরুদ্ধে তাঁর বদলে সহকারি কোচ ডাগআউটে ছিলেন না। কোচকে ছাড়াই কুরাসাও করে দেখাল। কনকাকাফ থেকে বিশ্বকাপে যাচ্ছে পানামা এবং হাইতিও।
ক্ষুদ্রতম দেশ হিসেবে রেকর্ড
কুরাসাও এখন ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী সবচেয়ে ছোট দেশ। কুরাসাওয়ের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর মতে, জানুয়ারি পর্যন্ত দেশটির জনসংখ্যা ছিল ১ লক্ষ ৫৬ হাজার ১১৫ জন। এর আগে সাড়ে তিন লাখের দেশ হিসেবে আইসল্যান্ড বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী সবচেয়ে ছোট দেশ ছিল। যারা ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল।
ছাব্বিশের কাপযুদ্ধে চিরাচরিত ৬৪ ম্যাচের বদলে দেখা যাবে ১০৪ ম্যাচ। কাতার বিশ্বকাপই দেখেছে শেষবারের মতো ৬৪ ম্যাচ। এবার গ্রুপের সেরা দু’টি দল রাউন্ড অব থার্টিটুতে জায়গা করে নিতে পারবে। যার মানে ১২টি গ্রুপের ২৪টি দল খেলবে ডু-অর-ডাই নক আউট পর্বে। সেই সঙ্গেই ১২টি গ্রুপ মিলিয়ে তিন নম্বরে শেষ করা দলগুলির মধ্যে আবার সেরা আটটি দল উঠবে নক আউটে।
(Feed Source: zeenews.com)
