)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকৃতিতে কত আশ্চর্য ঘটনাই যে ঘটে। উত্তর ইথিওপিয়ার হেইলি গুবি (Hayli Gubbi) আগ্নেয়গিরিটি (Ethiopia Volcano) রবিবার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। প্রায় ১২,০০০ বছর সুপ্ত থাকার পরে এই অগ্ন্যুৎপাত। এর ফলে নির্গত হওয়া ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমানে পৌঁছয়। পরে তা এমনকি ভারতের কিছু অংশেও ছড়িয়ে পড়ে। এ-ও এক আশ্চর্য। কিন্তু কেন ১২,০০০ বছর পরে আগ্নেয়গিরি হেইলি গুবিতে অগ্ন্যুৎপাত ঘটল?
আগুন-ছাই
আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে আফার (Afar) অঞ্চলে অবস্থিত এই আগ্নেয়গিরিটি দীর্ঘ সময় ধরে শান্ত ছিল। কিন্তু সহসা জেগে উঠে এটি কয়েক ঘণ্টা ধরে টানা অগ্ন্যুৎপাত ঘটায়। এবং আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলকে ছাইয়ে ঢেকে দেয়।
বিশেষজ্ঞদের মত
প্রকৃতি-পরিবেশ বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন। তাঁরা এ-ও উল্লেখ করেছেন যে, এই অঞ্চলের আগ্নেয় কার্যকলাপ নিয়ে খুব কমই গবেষণা হয়েছে। নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ আরিয়ান্না সোলডাটি (Arianna Soldati) ‘সায়েন্টিফিক আমেরিকান’ ম্যাগাজিনকে বলেছেন, যতদিন ম্যাগমা গঠনের পরিস্থিতি বজায় থাকবে, ততদিন কোনো আগ্নেয়গিরি ১০০০ বছর বা ১০০০০ বছর ধরে অগ্ন্যুৎপাত না করলেও যে কোনও দিন আচমকা অগ্ন্যুৎপাত ঘটাতে পারে!
হেইলি গুবি ধরনের দিক থেকে একটি শিল্ড আগ্নেয়গিরি (shield volcano)। ইস্ট আফ্রিকান রিফট জোনে (East African Rift Zone) এটি অবস্থিত। সবচেয়ে বড় কথা হল– এই অঞ্চলে আফ্রিকান এবং আরবীয় টেকটোনিক প্লেটগুলি প্রতি বছর প্রায় ০.৪ থেকে ০.৬ ইঞ্চি গতিতে ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে।
অগ্ন্যুৎপাতের ইঙ্গিত ছিল?
ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের ভূবিজ্ঞানী জুলিয়েট বিগস বিস্ময় প্রকাশ করে বলেছেন, ১২,০০০ বছর আগে সত্যিই যদি শেষ অগ্ন্যুৎপাত হয়ে থাকে, তবে এটি অপ্রত্যাশিত। তিনি আরও জানান, স্যাটেলাইট চিত্র থেকে ইঙ্গিত পাওয়া যায়, আগ্নেয়গিরিটি সম্প্রতি লাভা নির্গত করে থাকতে পারে। হ্যাঁ, বিজ্ঞানীরা আগেই ইঙ্গিত পেয়েছিলেন যে, হেইলি গুবিতে অগ্ন্যুৎপাত ঘটতে পারে। কেননা জুলাই মাসে নিকটবর্তী এরতা আলের আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল, যার ফলে হেইলি গুবির নীচের ভূপৃষ্ঠে নড়াচড়া শুরু হয়ে যায়।
বরফ যুগের শেষে
জানা গিয়েছে, এই অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের মেঘ প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উপরে ওঠে, যা ইয়েমেন, ওমান, উত্তর পাকিস্তান এবং ভারতকেও প্রভাবিত করে। গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম উল্লেখ করেছে, প্রায় ১২,০০০ বছর আগে, শেষ বরফ যুগের শেষে শুরু হয় বর্তমান ভূতাত্ত্বিক যুগ হলোসিন। এবং এর মধ্যে হেইলি গুবিতে কোনো অগ্ন্যুৎপাত ঘটেনি।
ছাই-ম্যাগমার নিরীক্ষা
সাউদাম্পটন ইউনিভার্সিটির ভূবিজ্ঞানী ডেরেক কেইর, যিনি অগ্ন্যুৎপাতের সময় ইথিওপিয়ায় উপস্থিত ছিলেন, তিনি ছাইয়ের নমুনা সংগ্রহ করেছেন। তিনি বলেছেন, নমুনাগুলি ম্যাগমার প্রকারভেদ সম্বন্ধে জানতে সাহায্য করবে, এবং আগ্নেয়গিরিটি সত্যিই ১২,০০০ বছর ধরে সুপ্ত ছিল কি না, তা নির্ধারণ করতে সাহায্য করবে।
(Feed Source: zeenews.com)
