
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার ট্রফির স্বপ্নে বিভোর লাল-হলুদ সমর্থকরা। মাণ্ডবী তীরে পঞ্জাব এফসি-কে পুরো ভস্মীভূত করে সুপার কাপের ফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল (East Bengal vs Punjab FC, AIFF Super Cup Final 2025)। বৃহস্পতিবার গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ৩-১ গোলে পঞ্জাবকে উড়িয়ে এক বছর পর সুপার কাপের ফাইনালে উঠল। এদিন দ্বিতীয় সেমিফাইনালে। এফসি গোয়া মুখোমুখি হবে মুম্বই এফসি-র। এই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।
প্রথমার্ধ
এদিন খেলার ১২ মিনিটেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন প্যালেস্তাইনের স্টার রশিদ। জোরালো শটে স্কোরলাইন ১-০ করেন তিনি। তবে গোল করেও ৩৪ মিনিটে অস্কার ব্রুজোঁর টিম গোল হজম করে ফেলে। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পঞ্জাবের রামিরেজ। রিকির হেড বিপিনের হাতে লাগতেই পেনাল্টি পেয়েছিল পঞ্জাব। বিরতির ঠিক আগেই আনন্দ ও নিরানন্দ একসঙ্গে অনুভব করে ইস্টবেঙ্গল । কেভিন সিবিলে একদিকে হেডে ২-১ করেন। আর এই গোলের পরে বিপদে পড়ে লাল-হলুদ। চতুর্থ অফিসিয়ালের সামনে গোল উদযাপন করে লাল কার্ড দেখেন কোচ অস্কার। তার আগের মুহূর্তেই স্প্যানিশ কোচকে হলুদ কার্ড দেখতে হয়েছিল তর্ক করায়
দ্বিতীয়ার্ধ
৭১ মিনিটেই ইস্টবেঙ্গল ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলে। মিগুয়েলের পাস থেকে সল ক্রেসপো স্কোরলাইন ৩-১ করেন। এরপর আর পঞ্জাবকে খুঁজে পাওয়া যায়নি। তারা আর খেলায় ফিরতে পারেনি। কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে ইস্টবেঙ্গল কঠিন সময়ে জিতেছিল সুপার কাপ। অস্কারের ক্লাব ফের একবার সেই কীর্তির সামনে। তবে ফাইনালে ডাগ আউটে থাকবেন না অস্কার। কোচের অনুপস্থিতিতে কি জ্বলে উঠতে পারবে লাল-হলুদ? উত্তর দেবে সময়…
(Feed Source: zeenews.com)
