ICC ODI Rankings: সাপলুডোর খেলায় রো-কো! রোহিতের ঘাড়ে নিঃশ্বাস দুয়ে ওঠা কোহলির, কুলদীপেরও কামাল…

ICC ODI Rankings: সাপলুডোর খেলায় রো-কো! রোহিতের ঘাড়ে নিঃশ্বাস দুয়ে ওঠা কোহলির, কুলদীপেরও কামাল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি চর্চা হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে (Virat Kohli and Rohit Sharma) নিয়ে। অস্ট্রেলিয়া সিরিজের সময় থেকেই ফোকাসে দুই মহারথী। বিভিন্ন মহলে বলা হচ্ছিল তাঁরা যদি ধারাবাহিক ভাবে নিজেদের প্রমাণ করতে না পারেন, তাহলে ২০২৭ ওডিআই বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন। এসবের মাঝেই রো-কো নিজেদের স্টাইলেই আগুন জ্বালাচ্ছেন মাঠে। সদ্য প্রকাশিত আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়েও (ICC ODI Rankings) সেই রো-কো দাপট…

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফের এক নম্বর স্থান পুনরুদ্ধারের খুব কাছাকাছি পৌঁছে গেলেন কোহলি। ব্যাটিং মায়েস্ত্রো এখন তাঁর সতীর্থ রোহিতের থেকে মাত্র ৮ রেটিং পয়েন্ট পিছিয়ে। বুধবার, ১০ ডিসেম্বর প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে কোহলি দু’ ধাপ এগিয়ে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে যথাক্রমে ৩ এবং ৪ নম্বরে সরিয়ে দিয়েছেন কোহলি। যা দেখা যাচ্ছে সাপলুডোর খেলায় রো-কো! রোহিতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দুয়ে ওঠা কোহলি! কোহলি শেষবার ২০২১ সালের মার্চে ১ নম্বর ওডিআই র‍্যাঙ্কিং ধরে রেখেছিলেন। এরপর পাকিস্তানের বাবর আজম তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন। রোহিত সিরিজে মোট ১৪৬ রান করে তাঁর এক নম্বর র‍্যাঙ্কিং ধরে রেখেছেন। প্রথম দশে রয়েছেন ভারতের আরও দুই তারকা।

দুরন্ত ফর্মে কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওডিআই সিরিজের পরে কোহলির এই উত্থান। সচিন তেন্ডুলকরের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার তিনিই। মুখে নয়, ব্যাটেই সমালোচকদের জবাব দিতে পছন্দ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে, পরপর দু’ম্যাচে সেঞ্চুরি করে ৩৭ বছরের ক্রিকেটার ফের বুঝিয়ে দিয়েছেন, আজও জঙ্গলের রাজা-‘কিং কোহলি’। ভারতের ২-১ ব্যবধানে জেতা সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনিই। ৩ ম্যাচে ১৫১-এর গড়ে এবং ১১৭.০৫ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছেন বিরাট। যার মধ্যে রাঁচি এবং রায়পুরে পরপর সেঞ্চুরিও রয়েছে।

ব্যাটারদের সর্বশেষ ওডিআই র‍্যাঙ্কিং এখানে দেওয়া হল:

১) রোহিত শর্মা (ভারত) – ৭৮১
২) বিরাট কোহলি (ভারত) – ৭৭৩
৩) ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) – ৭৬৬
৪) ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) – ৭৬৪
৫) শুভমন গিল (ভারত) – ৭২৩
৬) বাবর আজম (পাকিস্তান) – ৭২২
৭) হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড) – ৭০৮
৮) শে হোপ (ওয়েস্ট ইন্ডিজ) – ৭০১
০৯) চরিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা) – ৬৯০
১০) শ্রেয়াস আইয়ার (ভারত) – ৬৭৯

কুলদীপেরও কামাল

কোহলি ছাড়াও এবার চর্চায় কুলদীপ যাদব। ওডিআই র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন তিনি। তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠেছেন দেশের স্টার স্পিনার। ক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজে কুলদীপ ছিলেন সর্বাধিক উইকেটশিকারি। তিন ম্যাচে ৬.২৩ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছিলেন। সিরিজ নির্ধারক ম্যাচে তাঁর অসাধারণ পারফর্ম্যান্স ছিল। যেখানে তিনি ১০-১-৪১-৪ রেকর্ড করেছিলেন। আফগানিস্তানের রশিদ খান শীর্ষস্থান ধরে রেখেছেন। তারপরে আছেন ইংল্যান্ডের জোফরা আর্চার। দুয়ে বিরাজমান ইংরেজ পেসার।  ওডিআই অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই শীর্ষস্থান ধরে রেখেছেন। তারপরে রয়েছেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, আফগানিস্তানের মহম্মদ নবি এবং বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

(Feed Source: zeenews.com)